রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বারোপ জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ারের
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন কেলি অ্যান একেলস-কারি
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। ১১ নভেম্বর বুধবার থেকে শুরু হওয়া এই সফরে তিনি রোহিঙ্গাদের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত মনোযোগের ওপর জোর দেন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করে মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়ন করবেন।
বিজ্ঞাপন
সফরের অংশ হিসেবে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন কেলি অ্যান একেলস-কারি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদ কর্তৃক নিযুক্ত হওয়ার পর মে মাসে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নতুন বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর।
সাক্ষাৎকালে পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলাম মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি ও রোহিঙ্গাদের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশ বর্তমানে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। নজরুল ইসলাম বলেন, 'মিয়ানমারে তাঁদের নিজ বাসভূমিতে দ্রুত প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান।' এ সময় তিনি প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি এবং মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতা ও মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি। তিনি বলেন, 'রোহিঙ্গাদের দুর্দশার প্রতি টেকসই আন্তর্জাতিক মনোযোগ এবং দীর্ঘদিনের এই সংকটের স্থায়ী সমাধানের প্রচেষ্টার গুরুত্বের কথা।' সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ যেভাবে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে, তার ভূয়সী প্রশংসা করেন তিনি।