প্রথম আলো সম্পাদকের সঙ্গে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সহযোগী হিসেবে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
৮ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিজ্ঞাপন
প্রথম আলো সম্পাদকের আমন্ত্রণে আয়োজিত এই আলোচনায় বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে সহযোগী হিসেবে পাশে থাকার জন্য প্রবাসী পল্লী গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। এ সময় প্রথম আলো, প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মুহিদুর রহমান এ সময় তার ব্যবসায়িক কার্যক্রম নিয়েও কথা বলেন।
আগামী ১১ নভেম্বর প্রতিষ্ঠার ২৮ বছরে পদার্পণ করছে প্রথম আলো বন্ধুসভা। এই উপলক্ষে ১৩ নভেম্বর, শুক্রবার ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে দিনব্যাপী ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগান নিয়ে এই আয়োজনে বন্ধুত্ব, সম্প্রীতি, তারুণ্য ও সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হবে।
সারা দেশের জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বন্ধুসভার অন্তত এক হাজার সক্রিয় বন্ধু, অ্যালামনাই, শুভানুধ্যায়ী, আমন্ত্রিত অতিথি ও প্রথম আলোর কর্মীরা এই আয়োজনে অংশ নেবেন। সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, সাংগঠনিক সভা, কর্মশালা ও খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে। এর মধ্যে ‘বৃক্ষরোপণে সেরা দশ’, ‘সহমর্মিতার ঈদে সেরা দশ’, ‘বর্ষসেরা দশ বন্ধুসভা’ এবং বন্ধুসভার ‘একটি ভালো কাজ’ কর্মসূচির সম্মাননা দেওয়া হবে।