ব্যাচেলর পয়েন্টের শেষ শুটিংয়ে আবেগপ্রবণ তৌসিফ
দীর্ঘ ৯ বছর প্রচারের পর সিজন ৫ দিয়ে সমাপ্তি ঘটছে জনপ্রিয় এই ধারাবাহিক নাটকের
বিনোদন ডেস্ক · ঢাকা
প্রকাশ:
দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং গতকাল সোমবার শেষ হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই নাটকের কাজ শেষ হওয়ার মুহূর্তে কলাকুশলীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শুটিংয়ের শেষ দিনে আবেগপ্রবণ হয়ে পড়েন নেহাল চরিত্রে অভিনয় করা অভিনেতা তৌসিফ মাহবুব।
বিজ্ঞাপন
তৌসিফ মাহবুব জানান, নাটকের পাশা চরিত্রের রুমটি সবার কাছে অত্যন্ত পছন্দের জায়গা ছিল। তিনি বলেন, ‘আমি এখন পাশা ভাইয়ের রুমে। রুমটি সব সময় আমাদের সবার পছন্দের। কিন্তু এখন এই রুমে কেউ নাই। আমি আর নেহাল নই, কারণ আমাদের নেহালের গল্প, ব্যাচেলর পয়েন্টের গল্প শেষ হয়ে যাচ্ছে। অথচ এই নাটকটি আমার ইমোশনের জায়গা।’ পাশা চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল।
শুটিংয়ের বিভিন্ন দৃশ্য শেষ হওয়ার সাথে সাথে কলাকুশলীদের মন খারাপের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তৌসিফ বলেন, ‘আমাদের সবাই শুটিংয়ে খুব মজা করতাম। আনন্দে কাটত সময়। সেই শুটিং আজ শেষ হচ্ছে। ভবিষতে আমাদের একসঙ্গে দেখা হবে কি না জানা নাই। কবে দেখা হয় জানি না।’ তিনি আরও বলেন, ‘নাটকের সবচেয়ে আইকনিক রুম এটা। ব্যাচেলর পয়েন্টের যে রুমে আনন্দে মেতে উঠি সবাই, সেই রুমে একা একা বসে আছি। অন্যরা সবাই শুটিং করছে। আমি মন খারাপ করে বসে আছি। ঠিকমতো কথাও বলতে পারছি না।’
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তৌসিফ বলেন, ‘আর শুটিং করব না এই হাউসে, আর এখানে বসে শুটিংয়ের ফাঁকে গল্প করব না, আর দুষ্টুমি, আড্ডাবাজি, ফাজলামি করব না, আর নেহাল হব না এটা ভাবতেই কষ্ট হচ্ছে। কথাগুলো বলতে যেমন আমার কথা ভারি হয়ে আসছে তেমনি আমার চোখও ভারি হয়ে আসছে।’ দীর্ঘ ৯ বছর ধরে চলা এই নাটকের সঙ্গে কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে বলে তিনি উল্লেখ করেন।
নাটকটির নির্মাতা অমি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মাঝে মাঝে কথা হারায় যায়, অনুভূতি প্রকাশ করা যায় না। বিদায়, সিজন ৫।’ এই ধারাবাহিকে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন, মুকিত জাকারিয়া, আবদুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আখম হাসান, সাবিলা নূর, মনিরা মিঠু, পারসা ইভানা, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন ও লামিমা লাম।