রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলা প্রত্যাহারের ঘোষণা আইনমন্ত্রীর
ধর্ষণ মামলা বাদে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা ধর্ষণ মামলা ব্যতীত হত্যাসহ যেকোনো মামলা রাজনৈতিক প্রকৃতির হলে তা প্রত্যাহার করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আইনমন্ত্রী রাজনৈতিক মামলায় অভিযুক্তদের নির্ধারিত ছকে আবেদন করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
আইনমন্ত্রী বলেন, ‘যখন মামলা হয় তখন কোনো মামলায় গায়ে রাজনৈতিক মামলা লেখা থাকে না। এ কারণে প্রত্যেক ভুক্তভোগী রাজনৈতিক নেতা–কর্মী যাঁদের নামে মামলা আছে, তাঁদের মামলা প্রত্যাহারের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। সেটা করা হলে যথাযথ প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করা হবে।’ জয়নুল আবদিন ফারুককে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘মাননীয় এমপি সাহেবেরও যদি মামলা থাকে, আমি উনাকে অনুরোধ করব অতি দ্রুত আপনি দরখাস্ত করতে পারেন, আমরা সে মামলা প্রত্যাহার করে নেব।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে এখন মামলা আছে—শুধুমাত্র রেপ কেস বাদে, অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও সেটা যদি রাজনৈতিক ন্যাচারের হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব। তো এখানে ইফ্স অ্যান্ড বাট্সের সুযোগ নাই।’ তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো কোনো মামলা প্রত্যাহারের আবেদন করেননি এবং আদালতের মাধ্যমে তাঁদের মামলা নিষ্পত্তি হয়েছে।
এর আগে জয়নুল আবদিন ফারুক জানান, বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ৮৬টি মামলা করা হয়েছিল এবং বিরোধীদলীয় চিফ হুইপ থাকাকালে একদিনে দেশের ৬৪টি জেলায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলা এখনো প্রত্যাহার না হওয়ায় তিনি বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপনের দাবি জানান।
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে গঠিত এই কমিটি এজাহার, চার্জশিটের সার্টিফাইড কপি ও পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে সুপারিশ করে। আইনমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত একটি কেন্দ্রীয় কমিটি এসব সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। এ পর্যন্ত মোট ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।