জ্বালানি পরিমাপে কারচুপি: ফিলিং স্টেশনকে ৫ লাখ টাকা জরিমানা
প্রতি ১০ লিটার জ্বালানি তেলে ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়ায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রাজধানীর কাফরুলে জ্বালানি তেল পরিমাপে কারচুপির দায়ে একটি ফিলিং স্টেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই অনিয়ম ধরা পড়ে। পশ্চিম কাফরুলের বেগম রোকেয়া সরণির ২২০/এ-২ নম্বর ঠিকানায় অবস্থিত মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে এই অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাম্পটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী পাম্পটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়েছে। বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা প্রদান করে।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির ফিল্ড অফিসার (সিএম) মো. আবদুল কাদের এবং পরীক্ষক (মেট্রোলজি) আহসান হাবীব খান। বিএসটিআই জানিয়েছে, ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।