সন্ত্রাস করলে আওয়ামী লীগ জনগণের থেকে বিচ্ছিন্ন হবে: মঞ্জু
রাজধানীর বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আমাদের আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।’ তিনি আরও বলেন, জনগণকে ভয় দেখানোর রাজনীতি পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতা করে রাজনৈতিকভাবে কোনো অর্জন সম্ভব নয়; বরং নিরীহ ও অরাজনৈতিক নেতা-কর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন।
এবি পার্টির চেয়ারম্যান জানান, আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাস দিয়ে দেওয়া হবে না। তার ভাষ্যমতে, ‘রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবার ঐক্যবদ্ধ করবে। বোমাবাজি ও সন্ত্রাস করে শেখ হাসিনার প্রত্যাবর্তন হিতে বিপরীত হবে।’
সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আপনাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে আমরা দেখেছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা কি গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল না? এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, সেই প্রশ্নের জবাব দিতে হবে।’ সরকার পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হলে জুলাইয়ের সব শক্তিকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও আব্বাস ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী, সড়ক ও পরিবহন বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা ও শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।