প্রাণী কেন অন্যদের তুলনায় বেশি রঙিন হয়
গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশ এবং পর্যাপ্ত শক্তির সহজলভ্যতা প্রাণীদের উজ্জ্বল রঙের বিকাশে বড় ভূমিকা রাখে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বনের তোতাপাখির গায়ে নানা রঙের পালক দেখা যায়, আবার সাগরের প্রবালপ্রাচীরেও মেলে হলুদ, কমলা কিংবা নীল রঙের বাহার। গ্রীষ্মমণ্ডলীয় এলাকার প্রকৃতিতে এমন শত শত রঙিন বন্য প্রাণীর দেখা পাওয়া যায়। তবে প্রশ্ন হলো, পরিবেশের ঠিক কী কারণে প্রাণীদের শরীরে এমন উজ্জ্বল রঙের বিকাশ ঘটে?
বিজ্ঞাপন
জার্মানির ‘লাইবনিজ সেন্টার ফর ট্রপিক্যাল মেরিন রিসার্চ’-এর ফিশ ইকোলজিস্ট অস্কার পুয়েব্লা বলেন, “সহজ কথায় বলতে গেলে প্রাণীরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য রং ব্যবহার করে।” তাঁর মতে, নিজের প্রজাতির অন্য কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করতে এই রং কাজে লাগে। আবার কোনো শিকারিকে সাবধান করার জন্যও রং ব্যবহার করা হয় যে সে বিষাক্ত, পাশাপাশি শিকারির হাত থেকে বাঁচতে ছদ্মবেশ ধারণেও রঙিন পালক কাজে আসে।
প্রাণীর ধরন ও পরিবেশ অনুযায়ী রং ব্যবহারের কারণ ও পদ্ধতি ভিন্ন হয়। পাখিরা সাধারণত খাবার থেকেই লাল, কমলা বা হলুদের মতো রঙের উপাদান বা ক্যারোটিনয়েড পেয়ে থাকে। এরপর সেই উজ্জ্বল রং ব্যবহার করে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে।
অন্যদিকে মাছ বা শামুকজাতীয় প্রাণীরা তাদের শরীরের ভেতরের ছোট ছোট কোষে বিশেষ ধরনের মাইক্রোস্কোপিক বা অনুবীক্ষণিক গঠন ব্যবহার করে আলো বাঁকিয়ে দিতে পারে। এর সাহায্যে এরা শিকারির চোখ ফাঁকি দিয়ে নিজেদের শরীরের রং বদলে ফেলতে সক্ষম হয়। তবে স্থলভাগ কিংবা সমুদ্রের গভীর যেখানেই হোক, গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া ও পরিবেশই প্রাণীদের এই চমৎকার পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
পর্তুগালের ‘রিসার্চ সেন্টার ইন বায়োডাইভার্সিটি অ্যান্ড জেনেটিক রিসোর্সেস’-এর জীববিজ্ঞানী রবার্তো আরবোরে তোতাপাখি নিয়ে গবেষণায় বিশেষজ্ঞ। তাঁর মতে, কোনো নির্দিষ্ট পরিবেশের বৈচিত্র্য এবং সেখানে থাকা প্রাণীদের রঙের বৈচিত্র্যের মধ্যে দারুণ মিল রয়েছে। কোনো প্রাণী যদি রেইনফরেস্টের মতো বৈচিত্র্যময় জায়গায় থাকে, তবে তাকে নিজের প্রজাতিকে অন্যদের থেকে আলাদা করে চিনতে হয়।
বিজ্ঞাপন
পাখিরা মূলত চোখের দেখায় পৃথিবীকে চেনে। বনের ভেতর অনেক ধরনের পাখি থাকায় নিজেদের আলাদা করে ফুটিয়ে তোলার কাজে আসে এই রং। এই লড়াইয়ের কারণেই তোতা, হামিংবার্ড ও টুকানসহ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পাখিদের গায়ে সুন্দর নানা রঙের নকশা দেখা যায়।
তবে বিজ্ঞানী পুয়েব্লা সতর্ক করে বলেন, রং নিয়ে কথা বলার সময় আমাদের সাবধান থাকতে হবে। মানুষ যেভাবে চারপাশের রং দেখে, অন্য প্রাণীদের ক্ষেত্রে বিষয়টি একদম একরকম না–ও হতে পারে।
সমুদ্রের নিচে এই বিষয়টি আরও পরিষ্কার হয়। পানির নিচ দিয়ে আলো যাওয়ার সময় লাল রং দ্রুত মিলিয়ে যায়। তাই ওপর থেকে অদ্ভুত মনে হলেও, লুকিয়ে থাকতে বা ছদ্মবেশ ধরতে পানির নিচে লাল রং দারুণ কাজের। একইভাবে প্রবালপ্রাচীরের পরিষ্কার পানিতে অনেক ছোট মাছের গায়ে উজ্জ্বল নানা নকশা থাকে। মানুষের চোখে এগুলো স্পষ্ট মনে হলেও, শিকারি প্রাণীদের চোখ থেকে মাছগুলোকে লুকিয়ে থাকতে তা সাহায্য করে।
বিজ্ঞানী পুয়েবলা জানান, প্রবালপ্রাচীরের মাছেদের গায়ে প্রচুর নীল ও হলুদ রং থাকে, কিন্তু অনেক শিকারি মাছ হয়তো সেই রংগুলো দেখতেই পায় না। এই রংগুলোর মধ্যে বড় ধরনের ফারাক থাকে, ফলে মাছগুলো তাদের আসল শরীরের আকার বা অবয়ব লুকিয়ে ফেলতে পারে এবং সহজেই ছদ্মবেশ ধরতে পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞানী আরবোরে আরও বলেন, গ্রীষ্মমণ্ডলীয় এলাকার চমৎকার আবহাওয়া এবং চারপাশের প্রচুর জীববৈচিত্র্য প্রাণীদের রঙিন হয়ে উঠতে সাহায্য করে। বিষুবরেখার কাছাকাছি থাকা প্রাণীগুলোর রঙিন হওয়ার পেছনে শরীরের ভেতরের শক্তিরও বড় হাত রয়েছে। শরীরে রং তৈরি করতে বেশ ভালো রকম শক্তির দরকার হয়, কিন্তু ঠান্ডা অঞ্চল বা মরুভূমির মতো কঠিন জায়গায় সেই শক্তি সব সময় পর্যাপ্ত থাকে না।
গ্রীষ্মমণ্ডলীয় এলাকাগুলোতে সাধারণত খাবার ও শক্তির কোনো কমতি থাকে না এবং এখানকার আবহাওয়া বেশ ভালো ও সহনীয়। এসব সুবিধা থাকার কারণে প্রাণীদের শরীরের গঠনে এর দারুণ প্রভাব পড়ে। গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশে পর্যাপ্ত খাবার ও সম্পদ থাকায় প্রাণীরা নিজেদের শরীরের রঙে বাড়তি শক্তি খরচ করতে পারে। তা ছাড়া উজ্জ্বল রঙের অধিকারী হওয়ার জন্য যে শারীরিক খরচ বা শক্তি দরকার হয়, তা জোগানোও সেখানে সহজ।
প্রাণীদের শরীরের রং সবসময় তাদের চারপাশের পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত থাকে, তা সে গ্রীষ্মমণ্ডলীয় বনের রঙিন পাখিই হোক আর গভীর সাগরের রুপালি মাছই হোক। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের জটিল ও সুন্দর পরিবেশ এমন এক জগৎ তৈরি করে, যেখানে বিভিন্ন প্রজাতির প্রতিযোগিতা এবং খাবারের সঠিক ভারসাম্য বজায় থাকে। আর এই ভারসাম্যই পুরো প্রাণিজগতে রঙের এক বর্ণিল রূপ ফুটিয়ে তুলতে সাহায্য করে।