রাজধানীর তিন পেট্রলপাম্পে জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ
বিএসটিআইয়ের অভিযানে মালিবাগ, টিকাটুলী ও খিলগাঁওয়ের তিনটি ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপি শনাক্ত হয়েছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
বুধবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালিবাগ, টিকাটুলী ও খিলগাঁওয়ের তিনটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপির প্রমাণ পাওয়া গেছে। মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে এই অনিয়ম শনাক্ত করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালিবাগের চৌধুরীপাড়ায় মালিবাগ অটো সার্ভিসের তিনটি ইউনিটের মধ্যে একটি ডিজেল ইউনিটে তেল কম পাওয়া গেছে। টিকাটুলীর এই হাই অ্যান্ড কোম্পানির তিনটি ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে এবং খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের পাঁচটি ইউনিট যাচাই করে দুটি অকটেন ইউনিটে তেল কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে।
বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন অংশগ্রহণ করেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এবং সঠিক পরিমাপে জ্বালানি তেল নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলোতে নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে।