ইনানীতে ১৫ দিন জ্বলে গ্যাসের আগুন, বাপেক্সের মন্তব্য কী?
দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলের ২০০ বর্গমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন
কক্সবাজার জেলা প্রতিনিধি · উখিয়া, কক্সবাজার
প্রকাশ:
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন ১৫ দিনেও নেভেনি। গত ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় এই আগুনের সূত্রপাত হয়। গ্যাসের নির্গমন অব্যাহত থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলের ২০০ বর্গমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ১৪৪ ধারা কেউ যাতে লঙ্ঘন করতে না পারেন, সে জন্য ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশের টহল ও পাহারা রয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের একটি কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দলটির প্রধান অহিদুল ইসলাম হাওলাদার বলেন, “১৫ দিন পর্যবেক্ষণের পর তাঁরা আগুন বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।
আগুন যেভাবে জ্বলছিল, এখনো সেভাবেই জ্বলছে। এভাবে আগুন জ্বলতে দেওয়া ঠিক হবে না। বাংলাদেশের অনেক জায়গায় মাটির নিচে গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে।
ইনানীতেও গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা আছে। এখন আগুন কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করতে হচ্ছে। আগুন বন্ধ হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও জানান, আগুনের শিখায় যে গ্যাসের প্রবাহ দেখা যাচ্ছে, তাতে তেলের মিশ্রণ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এদিকে, এলাকাবাসীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জালিয়াপালং গ্রামের কৃষক আমজাত হোসেন জানান, নিষেধাজ্ঞার কারণে ইনানী ও মরিচ্যা বাজারমুখী সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে কৃষিপণ্য ও মাছ বাজারে পৌঁছাতে না পারায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। ক্ষুদ্র ব্যবসায়ী মো. ইউনুস বলেন, “নলকূপের গ্যাস চারপাশের অন্য কোনো দিক দিয়ে বা মাটির নিচ দিয়ে হঠাৎ ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় এলাকার শত শত মানুষ আতঙ্কে আছেন। প্রশাসনের কড়াকড়িতে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ঘটনাস্থলে ১৪৪ ধারা বলবৎ রাখা হয়েছে যাতে লোকজন ভিড় করতে না পারেন। বাপেক্সের বিশেষজ্ঞ দলের প্রচেষ্টার পরই মাটির নিচে গ্যাস বা তেলের বাণিজ্যিক মজুত ও পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে এটি একটি অগভীর গ্যাসের মজুত বা ‘শ্যালো রিজার্ভার’। তিনি বলেন, “১৫ দিন পর্যবেক্ষণের পর যদি দেখা যায় আগুনের শিখার উচ্চতা বেড়েছে বা একই রকম রয়েছে, তাহলে আগুন বন্ধ করতে প্রাথমিকভাবে একটি রিলিফ কূপ খননের পরিকল্পনা করা হবে। এ ক্ষেত্রে সাইড ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে রিলিফ কূপ খননের মাধ্যমে গ্যাসের নির্গমন বন্ধের চেষ্টা করা হবে।”
এ বিষয়ে বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক শামসিয়া মুকতাদির জানান, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাপেক্সের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে। এর আগে ৩০ অক্টোবর পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মো. শোয়েব ও শামসিয়া মুকতাদিরসহ একটি উচ্চপর্যায়ের দল ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।