পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যসহ গত পাঁচ বছরে পাহাড়ে ৩৭২টি হামলার ঘটনা ঘটেছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যসহ মোট ৩১৬ জন নিহত হয়েছেন। এই সময়ে বিভিন্ন হামলায় আহত হয়েছেন আরও ৪৯০ জন। সংসদীয় তথ্যানুযায়ী, এই পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ পাহাড়ি ও বাঙালিদের ওপর সর্বমোট ৩৭২টি হামলার ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি এই জবাব দেন এবং সংসদ অধিবেশনটি ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর ওপর সশস্ত্র গোষ্ঠী ১৯৪টি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর ৮১টি হামলা চালিয়েছে। একই সময়ে অপহরণের ঘটনা ঘটেছে ২৯৭টি, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ৪৭১টি এবং অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে ৩৭৭টি। এছাড়া সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীর ৯৭টি হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩৫ জন আহত হয়েছেন। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নিহত এবং ৫৫ জন আহত হওয়ার তথ্যও তিনি তুলে ধরেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পার্বত্য তিন জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষা, অবৈধ সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমন এবং সব সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমাত্রিক আইনগত, প্রশাসনিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, পাহাড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও সশস্ত্র তৎপরতা দমনে ‘অপারেশন উত্তরণ’ নামে বিশেষ অভিযান চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা হচ্ছে এবং আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে। চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি, মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তপথে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির সীমান্তচৌকিগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে এবং ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাতেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় প্রশাসন পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় ক্যাডার ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এর আগে প্রশ্ন উত্থাপনকালে এস এ জিন্নাহ কবীর বলেন, “পার্বত্য চট্টগ্রামে প্রায়ই অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে।” তিনি অবৈধ অস্ত্রধারীদের সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালানোর কথা উল্লেখ করেন। তিনি বলেন, “কখনো কখনো এই তিনটি জেলাকে বিচ্ছিন্ন করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের কথাও শোনা যাচ্ছে।” তিনি বাংলাদেশের ভূখণ্ড রক্ষায় বিশেষ কোনো বাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনার পরিকল্পনা আছে কি না এবং সাম্প্রতিক বিশৃঙ্খলা, গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অবৈধ অস্ত্র প্রদর্শনের ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা জানতে চান।
সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলো পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের উসকানি ও মদদে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। তিনি বলেন, “সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে, যা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে নেই বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।” তিনি সাজেক ভ্যালিসহ পার্বত্য অঞ্চলের পর্যটনশিল্প ধ্বংস এবং পুরো অঞ্চল হাতছাড়া করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব ঘটনা ঘটছে কি না, তা জানতে চান। এছাড়াও তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, “কোনো একটি গাড়িতে ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যায় না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা হয়েছে।
অথচ বিভিন্ন গণমাধ্যমে শত শত গাড়িতে হামলার খবর এসেছে।” কতজন মানুষ কিংবা কতটি গাড়ির ওপর হামলা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিবেচনা করা হবে, তা জানতে চান তিনি।
বিজ্ঞাপন
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাজেক ভ্যালি নিয়ে সংসদ সদস্যের উদ্বেগের সঙ্গে সরকারও একমত। তিনি বলেন, “প্রতি পর্যটন মৌসুমের আগে সাজেক ভ্যালিতে দখলদারত্ব বজায় রাখার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি হয়।” সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতারা মিলে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছেন এবং বর্তমানে সেখানে পরিস্থিতি স্থিতিশীল বলে তিনি জানান। কতজন মানুষ বা কতটি গাড়িতে হামলার ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা হবে—এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি বিস্তারিত ব্যাখ্যা দেবেন।