যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার
প্রায় ২৪ ঘণ্টা জঙ্গলে পুঁতে রাখার পর উদ্ধার করা হয় শিশুটিকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাস বয়সী কোয়াহ শার্প নামের এক শিশুকে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার পুলিশ তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় শিশুটির বাবা ২৫ বছর বয়সী মাইকেল কোমারকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ কর্মকর্তা জে কুন এক সংবাদ সম্মেলনে জানান, শিশুটির মা কাজে বাইরে যাওয়ার সময় তাকে বাবার কাছে রেখে গিয়েছিলেন। সোমবার থেকে শিশুটি নিখোঁজ হওয়ার পর পুলিশ অনুসন্ধানে নামে। তারা বাড়ি থেকে ৪৫ মিটার দূরে জঙ্গলের মধ্যে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পায়।
তদন্তের বিষয়ে পুলিশ কর্মকর্তা জে কুন বলেন, “খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে জঙ্গলে নিয়ে মাটির কিছুটা নিচে পুঁতে রাখা হয়।” তিনি আরও জানান, মাটি খোঁড়ার সময় তারা শিশুটির কান্না শুনতে পান এবং দ্রুত তাকে উদ্ধার করেন। এর আগে শিশুটিকে একটি কুকুরের খাঁচার ভেতরে রাখা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।
বর্তমানে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। জে কুন বলেন, “শিশুটির বেঁচে থাকার এই ঘটনা উদ্যাপন করার মতো।” মাইকেল কোমারের বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে, তা নির্ধারণে পুলিশ সরকারি কৌঁসুলিদের সঙ্গে কাজ করছে।