ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ
সরকার গঠনের জন্য প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে ২৮ দিন সময় পেয়েছেন গাদি আইজেনকট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নবনির্বাচিত ১২০ জন সদস্য আজ মঙ্গলবার শপথ গ্রহণ করছেন। নতুন সরকার গঠনের লক্ষ্যে জোটের শরিকদের চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আমন্ত্রণে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট এই দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
জোট গঠনে সফল হলে আইজেনকট বিষয়টি প্রেসিডেন্ট ও স্পিকারকে অবহিত করবেন। এরপর সাত দিনের মধ্যে অধিবেশন ডেকে আস্থা ভোটে পাস করতে হবে। গত রোববার প্রেসিডেন্ট হারজগ সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের জোট ৪৮টি আসন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। দুই আরব দলের ১৯টি আসন যুক্ত হলে আইজেনকটের সমর্থনের সংখ্যা দাঁড়ায় ৬৭। তবে শরিক দলের সাত সদস্য সমর্থন না দিলে এই সংখ্যা ৬০-এ নেমে আসতে পারে, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১ সদস্যের সমর্থন প্রয়োজন।
আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন নিয়ে জটিলতা রয়েছে। আইজেনকটের জোটের ডানপন্থী নেতা অ্যাভিগদর লিবারম্যান জানিয়েছেন, আরব দলগুলোর সমর্থননির্ভর সরকারে তাঁর দলের সাত সদস্য যোগ দেবেন না। এছাড়া গাজায় সামরিক অভিযান নিয়ে মতভেদের কারণেও সরকার গঠনের প্রক্রিয়াটি চ্যালেঞ্জের মুখে রয়েছে।
ধর্মীয় দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) মোট ১৩টি আসন রয়েছে। এই দলগুলো ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার দাবি জানাচ্ছে। আইজেনকট তাদের বেসামরিক জাতীয় সেবার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই বিষয়ে সুরাহা হলে শাস দল সমর্থনের বিষয়টি বিবেচনা করতে পারে।
বিজ্ঞাপন
এদিকে, আইজেনকটের দল ইয়াশার আজকের উদ্বোধনী অধিবেশনে স্পিকার আমির ওহানাকে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এছাড়া আইজেনকট ও নেতানিয়াহু উভয়ই জাতীয় ঐক্যের সরকারের প্রস্তাব দিয়েছেন, তবে নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে মতভেদ আছে। আইজেনকট ব্যর্থ হলে নেতানিয়াহু সুযোগ পেতে পারেন, আর সেটিও ব্যর্থ হলে দেশটিতে পুনরায় নির্বাচনের সম্ভাবনা রয়েছে।