নিলামে ঠিক হবে উপন্যাসের চরিত্রের নাম
নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য লন্ডনে আয়োজিত হচ্ছে বিশেষ সাহিত্য উৎসব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় অর্থ সংগ্রহের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মার্গারেট অ্যাটউড, জেডি স্মিথ ও ইয়ান ম্যাকইওয়ানের মতো খ্যাতনামা লেখকেরা। তাঁরা তাঁদের পরবর্তী উপন্যাসের কোনো একটি চরিত্রের নাম রাখার সুযোগ নিলামে তুলেছেন। যিনি সর্বোচ্চ দর হাঁকবেন, তাঁর নাম বা পছন্দের নামটি লেখক উপন্যাসের চরিত্রের জন্য ব্যবহার করবেন।
বিজ্ঞাপন
ফ্রিডম ফ্রম টর্চার নামের দাতব্য সংস্থার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই নিলামের আয়োজন করা হয়েছে। আগামী ১১ নভেম্বর লন্ডন লাইব্রেরিতে সংস্থাটির সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে, যেখানে লেখক ও নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা অংশ নেবেন। ৭৫ জনের বেশি লেখক, কবি ও শিল্পী এই উৎসবকে সমর্থন জানাচ্ছেন।
নিলামে শিল্পী কুয়েন্টিন ব্লেকের আঁকা ছবি, উইলিয়াম ব্লেকের অলংকরণে মেরি ওলস্টোনক্রাফটের একটি দুর্লভ বই ও লেখক লুইস ডাউটির সঙ্গে পাঠচক্রের সাক্ষাতের সুযোগ থাকছে। এছাড়াও লেখকদের নকশা করা ৩০টির বেশি বুকমার্কের লটারি হবে, যার প্রতিটির সঙ্গে থাকবে সংশ্লিষ্ট লেখকের স্বাক্ষর করা একটি বই। উৎসবে নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে কবিতা প্রতিযোগিতার বিচারক থাকবেন বুকারজয়ী লেখক অ্যালান হলিংহার্স্ট ও কবি র্যাচেল অ্যালেন।
গার্ল উইথ আ পার্ল ইয়াররিং উপন্যাসের লেখক ট্রেসি শেভালিয়ার ২০০৬ সাল থেকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত। চরিত্রের নাম নির্বাচনে শুরুর দিকে দ্বিধায় থাকলেও প্রথম নিলাম বিজয়ী লরা ডিভাইনের নাম নিজের উপন্যাসের এক সার্কাসকর্মীর চরিত্রে ব্যবহার করে তিনি খুশি হয়েছিলেন। এ বিষয়ে ট্রেসি শেভালিয়ার বলেন, ‘আমিও একজন অভিবাসী। কিন্তু এখানে থাকার অধিকার নিয়ে কেউ কখনো আমাকে প্রশ্ন করেনি। কারণ, আমি শ্বেতাঙ্গ ও আমেরিকান।’
ফ্রিডম ফ্রম টর্চারের কর্মকর্তা স্যামুয়েল মর্টন উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থীদের আইনি সুরক্ষা দুর্বল করার প্রবণতা চলছে। তিনি বলেন, ‘রাজনৈতিক সুবিধার জন্য নির্যাতন থেকে বেঁচে ফেরা মানুষের মৌলিক আইনি সুরক্ষা দুর্বল করে ফেলা উচিত নয়।’