ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল
সাইবার হামলার জন্য ইউক্রেন ইস্যুতে ইতালির অবস্থানকে দায়ী করা হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সাইবার হামলার শিকার হয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। হ্যাকাররা তাঁর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করে দিয়েছে বলে তিনি জানিয়েছেন। ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্তোনিও তাজানি লেখেন, ‘কয়েক দিন ধরে সাইবার অপরাধীরা ডার্ক ওয়েবে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। একই সঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এর ফলে আমি নতুন করে হুমকি ও ভয়ভীতির মুখে পড়েছি।’ তিনি জানান, হ্যাকাররা তাঁর পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করেছে, তবে হুমকির ধরন সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
আন্তোনিও তাজানি আরও লেখেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং কোনো দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি স্পষ্ট সমর্থন জানানো—এসব অপরাধী গোষ্ঠীর চোখে বিপজ্জনক।’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ইতালি দেশটিকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে।
এই ঘটনায় রুশপন্থী হ্যাকারদের দায়ী করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক বিবৃতিতে মেলোনি জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের গোপন তথ্য বিক্রি করা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।