চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রকাশিত ছবিতে রহস্যময় মহাকাশযানটির গঠন ও সক্ষমতা সম্পর্কে তথ্য মিলেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
চীনের অতি গোপনীয় রোবোটিক স্পেসপ্লেন শেনলং বা ডিভাইন ড্রাগন নিয়ে দীর্ঘদিনের রহস্যের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো এর স্পষ্ট ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ)। ২০২০ সাল থেকে বিভিন্ন গোপন মিশনে অংশ নেওয়া এবং মহাকাশে কয়েক শ দিন অবস্থান করা এই মহাকাশযানটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল ছিল। তবে চীন এতদিন পর্যন্ত নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই স্পেসপ্লেনটির কোনো ছবি বা তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মহাকাশে অবস্থানের সময় বেসরকারি প্রতিষ্ঠান ভ্যান্টর (সাবেক ম্যাক্সার টেকনোলজিস) উচ্চ রেজোল্যুশনের ছবিগুলো ধারণ করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভ্যান্টরের দেওয়া তথ্য অনুযায়ী, স্পেসপ্লেনটির দৈর্ঘ্য প্রায় ২৬ ফুট এবং এর পেলোড বের দরজা আংশিকভাবে খোলা দেখা গেছে। এছাড়া যানটির পেছনের অংশে একটি স্যাটেলাইট বা সার্ভিস মডিউল ডক করা অবস্থায় রয়েছে।
মহাকাশ গবেষণা বিষয়ক বিশেষজ্ঞদের মতে, চীনের এই স্পেসপ্লেনের নকশা যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের এক্স-৩৭বি রোবোটিক স্পেসপ্লেনের সাথে হুবহু মিল রয়েছে। ডারহাম ইউনিভার্সিটির মহাকাশ গবেষণা কেন্দ্রের স্যাটেলাইট ট্র্যাকিং বিশেষজ্ঞ অধ্যাপক জোনাথন ম্যাকডোয়েল জানান, চীনের স্পেসপ্লেনটি যুক্তরাষ্ট্রের এক্স-৩৭বির আদলেই তৈরি। রাডার ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে, এটি কক্ষপথে বিভিন্ন বস্তু স্থাপনের পাশাপাশি অজ্ঞাত পেলোড বা কিউবস্যাট মহাকাশে ছাড়ার সক্ষমতা রাখে। এছাড়া একটি স্যাটেলাইট কক্ষপথে ছেড়ে দিয়ে কয়েক মাস পর তা পুনরায় সংগ্রহের ক্ষমতাও প্রদর্শন করেছে যানটি। মার্কিন গোয়েন্দা সংস্থার ভাষ্যমতে, চীনের এই দ্রুত বর্ধমান মহাকাশ কর্মসূচি সামরিক আধিপত্য বিস্তারের একটি কৌশলগত অগ্রাধিকার হিসেবে কাজ করছে।