ডেমোক্র্যাটদের অভিনন্দন জানালেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি প্রার্থী থাকলে রিপাবলিকানরা সহজেই জয়ী হতো।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিনন্দন জানান।
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, 'আমার মনে হয়, তারা আমার সঙ্গে কাজ করতে চাইবে। তা না হলে আমি সবকিছুতেই ভেটো দেব। আর তারা নিশ্চয়ই সেটা চাইবে না।' রিপাবলিকান প্রার্থীদের পরাজয়ের বিষয়ে তিনি মন্তব্য করেন যে, এবারের নির্বাচনে তিনি নিজে প্রার্থী ছিলেন না, আর এটিই ছিল হারের অন্যতম কারণ। তিনি বলেন, 'আমার মনে হয়েছে, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। এ বিষয়ে আমার কিছুই করার ছিল না। আমি প্রার্থী থাকলে আমরা জিততাম।’
নির্বাচনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প জানান, কিছু ক্ষেত্রে ভোটাররা নির্দিষ্ট প্রার্থীদের পছন্দ করেননি। এছাড়া কিছু প্রার্থী তার বন্ধু না হওয়ায় দলের সমর্থকরা ভোট দিতে অনাগ্রহী ছিলেন বলেও তিনি মনে করেন। ট্রাম্প বলেন, ‘কিছু ক্ষেত্রে ভোটারদের প্রার্থীদের পছন্দ হয়নি। আবার কিছু প্রার্থী আমার বন্ধু ছিলেন না, আর দলের সমর্থকেরা সেটা অন্য সবার চেয়ে ভালো জানেন। এ কারণে তাঁরা ভোট দিতে যাননি। তাঁদের মধ্যে সেই আগ্রহ ছিল না। বিষয়টি দুঃখজনক। কারণ, আমি নির্বাচনে থাকলে আমরা সহজেই জিততাম। কিন্তু আমি প্রার্থী ছিলাম না।’ পরাজয়ে হতাশ কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি ‘সর্বোচ্চ চেষ্টা করেছেন’ এবং ‘মাঠে নিজের সবটুকু দিয়ে লড়েছেন’।