ডিজিটাল সম্পদে কর আরোপ ২০২৯ সাল পর্যন্ত পিছিয়েছে দক্ষিণ কোরিয়া
বাজারের অস্থিরতা ও বিনিয়োগকারীদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ডিজিটাল সম্পদের ওপর কর আরোপের পরিকল্পনা দুই বছর পিছিয়ে ২০২৯ সালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৯ সাল থেকে ডিজিটাল সম্পদ সংক্রান্ত তথ্য আদান-প্রদান কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গেই শুরু হবে, যার পরিপ্রেক্ষিতে কর ব্যবস্থা চালুর সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আগামী বছর থেকে কর চালু করা হলে আন্তর্জাতিক বাজারের তুলনায় স্থানীয় বা দেশীয় বাজার ক্ষতিগ্রস্ত ও অসুবিধার মুখে পড়তে পারত। আগামী বছরগুলোতে বাজারের পরিবেশে বড় পরিবর্তন আনতে পারে এমন ডিজিটাল সম্পদ সংক্রান্ত আইন প্রণয়নে কাজ করছে দক্ষিণ কোরিয়া।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ডিজিটাল সম্পদের অস্থিরতা নিয়ন্ত্রণ, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং এ খাতের বিকাশ নিশ্চিত করতে পরবর্তী দুই বছর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। ২০২৭ সালে পার্লামেন্টে আইন সংশোধনের প্রস্তাব পেশ করা হবে এবং ২০২৮ সালের প্রথম অর্ধেকে বিনিয়োগকারীদের জন্য সুনির্দিষ্ট কর ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।