সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল
আইওএস ২৭.৩-এর আগাম সংস্করণের মাধ্যমে ডেভেলপারদের জন্য নতুন ফিচার উন্মুক্ত করা হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
ভয়েস অ্যাসিস্ট্যান্টকে ঢেলে সাজাতে এবং এর সক্ষমতা বাড়াতে আইফোনের সব অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করে দিচ্ছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। দীর্ঘদিন ধরেই সিরির মান নিয়ে সমালোচনার মুখে ছিল কোম্পানিটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, গুগলের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার যুক্ত করায় এই সমালোচনা আরও বেড়েছে। সমালোচকদের মতে, এআই টুল গ্রহণে দীর্ঘসূত্রতার কারণে সিরি সক্ষমতা ও স্মার্টনেসে পিছিয়ে পড়েছে। এই ব্যবধান কমাতে গেল গ্রীষ্মে অ্যাপল ‘সিরি এআই’ নামে ভয়েস অ্যাসিস্ট্যান্টের নতুন সংস্করণের ঘোষণা দেয়।
বিজ্ঞাপন
সেপ্টেম্বরে আইওএস ২৭-এর সঙ্গে আসা নতুন আপডেটে সিরি ব্যবহারকারীর নিজস্ব ডেটা থেকে ব্যক্তিগত প্রসঙ্গ বুঝে তা কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে সক্ষম। এতদিন এসব টুলের কার্যকারিতা অ্যাপলের নিজস্ব অ্যাপের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন ডেভেলপারদের জন্য এগুলো উন্মুক্ত করায় থার্ড-পার্টি অ্যাপও সরাসরি এই সুবিধা নিতে পারবে। অ্যাপল জানায়, রাইড শেয়ারিং অ্যাপে ট্যাক্সি বুকিংয়ের পর গন্তব্য পরিবর্তন বা নির্দিষ্ট জুতা ছাড়ে বিক্রি হচ্ছে কি না তা যাচাই করা এখন সম্ভব হবে।
পুরো ব্যবস্থাটি ‘অ্যাপ ইনটেন্টস’ নামের একটি বিষয়ের ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে, যা ২০২২ সালে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল অ্যাপল। এর মাধ্যমে কোনো প্রযুক্তিগত জটিলতা ছাড়াই খাবার অর্ডার বা অর্ডারের আপডেট সম্পর্কে সিরিকে জিজ্ঞাসা করা যাবে। বর্তমানে আইওএস ২৭.৩-এর আগাম সংস্করণের অংশ হিসেবে ডেভেলপারদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য এটি পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।
অ্যাপল জানিয়েছে, আগামী বসন্তকালে ডেভেলপাররা এসব ফিচারযুক্ত অ্যাপ জমা দিতে পারবেন। নতুন এই সুবিধাটি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর ওপর নির্ভর করবে, তাই এটি ব্যবহারের জন্য এআই সমর্থিত আইফোন ও ভাষা প্রয়োজন হবে। ইউরোপীয় ইউনিয়নের আইনগত জটিলতার কারণে ইউরোপের বাজারে এই সুবিধা এখনই পাওয়া যাবে না। অ্যাপল জানিয়েছে, ইউরোপীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা গঠনমূলকভাবে কাজ করছে যাতে পরবর্তী উপায় বা সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।