২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করবে টেসলা
বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন ও উৎপাদন ব্যয় নিয়ে জটিলতায় এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবারট্রাকের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক জানান, আগামী বছরের মাঝামাঝি সময় থেকে এই প্রক্রিয়া শুরু হবে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত টেসলার গিগাফ্যাক্টরিতে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে সাইবারট্রাকের উৎপাদন পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে। এর পরিবর্তে প্রতিষ্ঠানটি স্বচালিত রোবোট্যাক্সি সাইবারক্যাবের উৎপাদন বাড়ানোর দিকে নজর দেবে।
২০১৯ সালে সাইবারট্রাক উন্মোচনের সময় এটিকে শক্তিশালী ও বুলেটপ্রুফ হিসেবে দাবি করা হয়েছিল। সে সময় বছরে আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হলেও, শিল্প খাতের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০ হাজারের মতো গাড়ি বিক্রি করতে পেরেছে টেসলা।
গাড়িটির দাম শুরুতে ৩৯ হাজার ৯০০ ডলার থাকলেও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে তা এক লাখ ডলার পর্যন্ত পৌঁছায়। এছাড়া গাড়িটির অস্বাভাবিক নকশা এবং স্থায়িত্ব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। উন্মোচন অনুষ্ঠানে ধাতব বল দিয়ে আঘাত করলে কাচ ভেঙে যাওয়ার ঘটনাটিও গাড়িটির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছিল।
এদিকে টেসলা সম্প্রতি তাদের পরবর্তী প্রজন্মের রোডস্টার গাড়ি উন্মোচন করেছে, যা ২০২৮ সালে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। এই গাড়ির সর্বোচ্চ সংস্করণে স্পেসএক্সের থ্রাস্টার ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যা গাড়িটিকে উড়তে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে। শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে গাড়িটির মাত্র এক সেকেন্ড সময় লাগবে এবং এর অগ্রিম বুকিং শুরু হয়েছে।