জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
এখনো গেজেটভুক্ত হননি এমন আহত ব্যক্তিরা উপজেলা বা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দিতে পারবেন
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়ার পরও যারা এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি গেজেটে নামভুক্ত হতে পারেননি, তাদের কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের জুলাই গণ-অভ্যুত্থান শাখা থেকে এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্দোলনে আহত অথবা বর্তমানে চিকিৎসাধীন ব্যক্তিরা তাদের জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং আহত হওয়ার উপযুক্ত প্রমাণকসহ আবেদন করতে পারবেন। আবেদনকারীগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় কিংবা সরাসরি জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে আবেদনপত্র জমা দিতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, মাঠ পর্যায়ে জমা পড়া আবেদনগুলো বিশেষ দূতের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে অধিদপ্তরের মাধ্যমে এসব আবেদন যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতির জন্য নতুন করে দুই হাজারের বেশি আবেদন জমা পড়ার তথ্য জানায় মন্ত্রণালয়। গত বছরের নভেম্বর পর্যন্ত দেশের ৪০টি জেলা থেকে ১ হাজার ৫৪৩টি এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় ৭০০ আবেদনসহ মোট ২ হাজার ২৪৩টি আবেদন জমা পড়েছিল।