পোড়া তেল দেশের জ্বালানি হতে পারে, তবে হৃদয়ের শত্রু
রান্নার পোড়া তেল মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও তা জ্বালানি হিসেবে ব্যবহারের সম্ভাবনা রয়েছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রান্নার তেল বারবার গরম করে ব্যবহার করা হলে তা হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে ওঠে। তবে এই পোড়া তেল সঠিকভাবে সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তর করলে তা যানবাহন ও কলকারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। ‘মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেড।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, শরীরের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গের একটি হলো হার্ট, আর পোড়া তেল সরাসরি হার্টকে আঘাত করে। তিনি ব্যক্তি পর্যায়সহ ব্যবসায়ীদের পোড়া তেল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। শফিকুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কোনো বিক্রেতা যদি পোড়া তেলের বদলে নতুন তেলে শিঙাড়া ভাজেন এবং দাম কিছুটা বেশি রাখেন, তবুও ক্রেতারা নিরাপদ খাদ্য ভেবে সেটিই কিনবেন। ক্রেতাদের আস্থা অর্জনের লক্ষ্যে ব্যবসায়ীদের প্রতি এই আহ্বান জানান তিনি।
বিএফএসএর সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সোয়েব। তিনি জানান, রান্নার একই তেল ২০০-২৫০ সেলসিয়াস তাপমাত্রায় বারবার ব্যবহার করা হলে তা ক্ষতিকর পোড়া তেলে পরিণত হয়। মোহাম্মদ সোয়েব বলেন, অধিক তাপমাত্রার ফলে উপকারী সিস ফ্যাট ক্ষতিকর ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়, যা উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। এ ছাড়া এই তেল রক্তনালিতে চর্বি জমানো, লিভারের ক্ষতি ও ক্যানসারের ঝুঁকিও তৈরি করতে পারে।
বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হামিদ বলেন, মাত্র ১ লিটার পোড়া তেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করার সক্ষমতা রাখে। এছাড়া পোড়া তেল যত্রতত্র ফেলে দিলে তা মাটি ও জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাই এর পুনঃপ্রক্রিয়াজাতকরণই সবচেয়ে কার্যকর সমাধান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, বর্তমানে তারা প্রতি মাসে ১০০ টনের বেশি পোড়া তেল সংগ্রহ করছেন এবং ২০৩০ সালের মধ্যে এই পরিমাণ মাসে এক হাজার টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে তাদের। সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় এই তেল থেকে বায়োডিজেল ও উপজাত হিসেবে গ্লিসারিন তৈরি করে বিদেশে রপ্তানি করা হচ্ছে।
সেমিনারে বায়োডিজেলের কিছু নমুনা প্রদর্শন করা হয়। আলোচনার এক পর্যায়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে রান্নার তেল কখন পোড়া তেলে পরিণত হয় তা শনাক্ত করার যন্ত্র বা কীট সহজলভ্য করার জন্য বিএফএসএর প্রতি আহ্বান জানানো হয়। মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই মুক্ত আলোচনায় বিএফএসএর কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জির প্রতিনিধি এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বিএফএসএর সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও মোহাম্মদ মোস্তফা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।