পোশাকশ্রমিকেরা মাসে ১০ কেজি চাল পাবেন ৩০ টাকা দরে
চলতি বছরের ২০ নভেম্বর থেকে প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকায় এই বিশেষ ওএমএস কার্যক্রম শুরু হতে পারে।
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কার্যক্রমে একজন পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে এই বিশেষ ওএমএস কার্যক্রম চলবে তিন মাস।
বিজ্ঞাপন
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই কার্যক্রম ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার জানান, পোশাকশ্রমিকদের জন্য এই বিশেষ ওএমএস চলতি মাসেই শুরু হবে এবং ২০ নভেম্বর শুক্রবার এটি চালুর সম্ভাবনা রয়েছে।
বিশেষ এই ওএমএস কার্যক্রম বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন অর্থ মন্ত্রণালয়ের কাছে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বা বিশেষ অর্থ বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাজারে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় হ্রাসের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। বর্তমানে সরকারি পর্যায়ে চালের পর্যাপ্ত মজুত থাকায় বিদ্যমান মজুত থেকেই এই সরবরাহ নিশ্চিত করা সম্ভব বলে চিঠিতে জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল সংস্থান এবং ট্রাক পরিচালনা, পরিবহন ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য চলতি বাজেটে বিশেষ বরাদ্দের অনুরোধ করেছে। সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি কার্ডের ভিত্তিতে পরিচালিত হলেও কার্ডহীনদের জন্য ওএমএস বা খোলা ট্রাকে বিক্রির কর্মসূচি কার্যকর রয়েছে।
বিজ্ঞাপন
ম্যাপড ইন বাংলাদেশের তথ্যানুযায়ী, দেশে ৩ হাজার ৩২০টি পোশাক কারখানা রয়েছে যেখানে ২৯ লাখ ৮৭ হাজার পোশাকশ্রমিক কাজ করেন এবং তাদের মধ্যে ৫৭ শতাংশ নারী। এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চলে অস্থিরতার মধ্যে নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছেন।
তবে এই উদ্যোগ নিয়ে ভিন্নমত পোষণ করেছেন মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, “ছয় দিন হাড়ভাঙা পরিশ্রম করার পর ছুটির দিনে শুধু ওএমএসের চালের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ৩০০ টাকা বাঁচাতে এই উদ্যোগ কার্যকর সমাধান নয়। তা ছাড়া পোশাকশ্রমিকদের জন্য এটি সম্মানজনক হবে না। সাশ্রয়ী মূল্যের পণ্য শ্রমিকদের কারখানা গেট থেকেই দিতে হবে। আর শুধু চাল নয়, নিত্যপ্রয়োজনীয় সব পণ্য যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি সাশ্রয়ী মূল্যে দেওয়ার উদ্যোগ নিলেই শ্রমিকেরা কিছুটা স্বস্তি পাবেন।”