মতলব আইসিডিডিআরবি হাসপাতাল চত্বরে সন্ধ্যায় চড়ুই পাখির মিলনমেলা
গত সাত বছর ধরে প্রতি বছর আগস্ট থেকে মে মাস পর্যন্ত হাজারো চড়ুই পাখির নিরাপদ আবাসস্থল হয়ে ওঠে হাসপাতালটির বাগান
চাঁদপুর জেলা প্রতিনিধি · মতলব দক্ষিণ, চাঁদপুর
প্রকাশ:
প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগেই ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে ভিড় করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালের বাগানের গাছগুলোতে। কিছুক্ষণের মধ্যেই গাছের ডালপালা, পাতা ও ফুল ঢেকে যায় হাজারো চড়ুইয়ে, আর তাদের কিচিরমিচির শব্দে পুরো হাসপাতাল এলাকা হয়ে ওঠে মুখর। রাতভর এই চত্বরেই অবস্থান করে পাখির দল।
বিজ্ঞাপন
ভোরের আলো ফুটতেই খাবারের খোঁজে দল বেঁধে উড়ে যায় তারা। গত প্রায় সাত বছর ধরে বছরের নির্দিষ্ট কয়েক মাস ধরে এমন অভূতপূর্ব দৃশ্যের দেখা মিলছে আইসিডিডিআরবির মতলব হাসপাতালের দুটি চত্বরে। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীরা নিয়মিত এই দৃশ্য উপভোগ করেন, যা দেখে মনে হয় এ যেন হাজারো চড়ুই পাখির এক টুকরা রাজ্য।
মতলব দক্ষিণ উপজেলা সদরের দক্ষিণে মতলব-বাবুরহাট সড়কের পশ্চিম পাশে অবস্থিত এই হাসপাতালের বিশাল ভবনের মাঝখানে রয়েছে দুটি চত্বর। সেখানে রঙ্গন, কতবেল, পেয়ারা, মাধবীলতা ও হাসনাহেনাসহ নানা ধরনের ফুল-ফলের বাগান সাজানো রয়েছে। গত শনিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, হাজারো চড়ুই উড়ে এসে গাছের ডালে বসছে। হাসপাতালের ছাদ ও রেলিংয়েও দেখা যায় তাদের সরব উপস্থিতি। সন্ধ্যার পর গাছের ডালে, পাতায়, ফুল ও ফলের ওপর চড়ুই পাখির কিচিরমিচির শব্দে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রোগী ও স্বজনরা বারান্দায় এসে ভিড় করেন, কেউ কেউ শখ করে ভিডিও বা ছবি ধারণ করেন। বাইরে থেকেও অনেকে এই মানুষ ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন দেখতে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম বলেন, বিষয়টি জেনেছেন। তিনি বলেন, “বিষয়টি জেনেছি। চড়ুই পাখির এ মিলনমেলা দেখতে ওই হাসপাতালে যাব। মানুষ, পাখি ও প্রকৃতির নিরাপদ সহাবস্থানকেই জানান দেয় এটি। ঘটনাটি তাৎপর্যপূর্ণ।”
আইসিডিডিআরবির মতলব হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক চন্দ্রশেখর দাস জানান, প্রায় সাত বছর ধরে হাসপাতালের বাগানে সন্ধ্যার আগে হাজারো চড়ুই পাখির আগমন ঘটছে। তিনি বলেন, “প্রায় সাত বছর ধরে আমার হাসপাতালের আয়তাকার ভবনের মাঝখানের দুটি চত্বরে ফুল ও ফলের বাগানে প্রতিদিন সন্ধ্যার আগে হাজারো চড়ুই পাখি উড়ে আসে। বসে গাছের ডালে, পাতায়, ফুল ও ফলের ভাঁজে ভাঁজে। তখন চড়ুই পাখি ও গাছের ডাল পাতা হয়ে ওঠে একাকার। চড়ুই পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে হাসপাতাল এলাকা। সন্ধ্যার পর বন্ধ হয় কিচিরমিচির শব্দ। রাতে চুপটি মেরে বসে থাকে পাখির দল।”
বিজ্ঞাপন
চন্দ্রশেখর দাস আরও বলেন, রাতে বাগানে থাকার পর ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এরা দল বেঁধে উড়ে যায়। সাত বছর ধরে এই মিলনমেলা চললেও মাঝে গত বছর একবার তারা আসেনি, যার কারণ জানা যায়নি। সাধারণত আগস্ট মাসে এসে মে মাস পর্যন্ত এই চত্বরেই তারা রাত কাটায়। হাসপাতালের রোগী বা কর্মীরা কেউ এদের বিরক্ত করেন না। একই কথা জানিয়েছেন চিকিৎসক মো. সারোয়ার জাহান, মো. কামরুল ইসলাম, কর্মচারী কবির হোসেন ও আ. হান্নান।
নোয়াখালীর চাটখিল থেকে ডায়রিয়ায় আক্রান্ত বাবাকে নিয়ে আসা ফাতেমা আক্তার বলেন, “এত চড়ুই পাখি একসঙ্গে জীবনেও দেখি নাই। খুব ভালো লাগতাছে। ভিডিও কইরা রাখছি। ছবিও তুলছি।” একই জেলার সাদ্দাম হোসেন, যিনি গত শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তিনিও এই দৃশ্যে মুগ্ধ বলে জানান।
পাখিদের এই বাগান বেছে নেওয়ার কারণ সম্পর্কে মতলব সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার রায় বলেন, পাখিরা তাদের নিজস্ব ব্যাকরণ ও নীতি মেনে চলে এবং যেখানে নিরাপদ মনে করে সেখানেই দল বেঁধে যায়। রাতের বেলায় পাখিদের চুপ থাকার বিষয়ে তিনি বলেন, অধিকাংশ পাখি রাতে তেমন দেখতে পায় না, তাই তারা চুপচাপ থাকে।
আইসিডিডিআরবির মতলব হাসপাতালের স্টেশনপ্রধান আল ফজল খান জানান, হাসপাতালের বাগানে এত পাখির আগমনকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি বলেন, “প্রকৃতি, পাখি ও মানুষের এ এক অপূর্ব মিলনমেলা। খুব ভালো লাগছে।”