সমাজকল্যাণে অবদানের জন্য সম্মাননা পেল স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন
রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনটিকে এই স্বীকৃতি দেওয়া হয়
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। গত শুক্রবার রাজধানীর গুলশানের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ট্যালেন্ট শার্পনার আয়োজিত ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশরাফুল আলম হান্নান। এ সময় ট্যালেন্ট শার্পনার–এর ব্যবস্থাপনা পরিচালক সায়েকা হক এবং স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের পরিচালক ডেভেলপমেন্ট অ্যাডভোকেট তাসলিম হোসেন উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তির বিষয়ে আশরাফুল আলম হান্নান বলেন, “মানুষের কল্যাণে কাজ করার সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা। এ স্বীকৃতি ফাউন্ডেশনের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।”
স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে ১৯৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে কৃত্রিম পা সংযোজন, ৩১৭ জনকে স্বাবলম্বী করা, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, শতাধিক শিক্ষার্থীর ইন্টার্নশিপ ও চাকরির ব্যবস্থা, গৃহহীনদের ঘর নির্মাণ ও ‘স্বপ্ন নিয়ে নিবাস’ প্রতিষ্ঠা। এছাড়া হুইলচেয়ার ও টিউবওয়েল বিতরণ, প্রবীণদের সহায়তা, শহীদ মিনার নির্মাণ, রক্তদান, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বন্যা ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজও তারা করে থাকে।