রেনাটার মুনাফা বেড়েছে ৩৮ শতাংশ
চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ব্যবসায় আয় বেড়েছে ১২৯ কোটি টাকা
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ওষুধ খাতের কোম্পানি রেনাটা সমন্বিতভাবে ১০২ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফার পরিমাণ ছিল ৭৪ কোটি টাকা। অর্থাৎ গত বছরের জুলাই–সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের একই সময়ে তাদের মুনাফা ২৮ কোটি টাকা বা প্রায় ৩৮ শতাংশ বেড়েছে। রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে রেনাটা ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে সমন্বিতভাবে ১ হাজার ২৬০ কোটি টাকার ব্যবসা করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ১৩১ কোটি টাকা। অর্থাৎ গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তাদের ব্যবসা ১২৯ কোটি টাকা বা প্রায় সাড়ে ১১ শতাংশ বেড়েছে। রেনাটার ভাষ্যমতে, বিক্রির পরিমাণ বৃদ্ধিই এই রাজস্ব বৃদ্ধির প্রধান চালিকা শক্তি। এর মধ্যে ওষুধ খাতে ৯৯১ কোটি টাকা, প্রাণিস্বাস্থ্য খাতে ১৯৭ কোটি টাকা এবং চুক্তিভিত্তিক উৎপাদন থেকে ৬৫ কোটি টাকা আয় হয়েছে। এছাড়া সহযোগী প্রতিষ্ঠানসহ রপ্তানি আয় হয়েছে ১০৯ কোটি টাকা।
কোম্পানিটি আরও জানায়, তাদের মোট ঋণের পরিমাণ ৫২১ কোটি টাকা কমে ১ হাজার ৪৮৩ কোটি টাকায় নেমে এসেছে। নিট মুনাফা বৃদ্ধির পেছনে রাজস্বের তুলনায় মোট মুনাফা অর্জনের হার বৃদ্ধি এবং অর্থায়ন ব্যয় কমে যাওয়া বড় ভূমিকা রেখেছে। সুশৃঙ্খল ক্রয় কার্যক্রম ও মজুত ব্যবস্থাপনার কারণে কারখানার পরোক্ষ ব্যয় বৃদ্ধির হার ৫ দশমিক ৪ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। তবে ব্যবসার বিক্রির অনুপাতগত পরিবর্তনের কারণে আগের বছরের তুলনায় বিক্রীত পণ্যের ব্যয় বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে রেনাটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ৩৭ দশমিক ২ শতাংশ বেড়ে ৮ দশমিক ৮৭ টাকা হয়েছে। এছাড়া শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদপ্রবাহ (এনওসিএফপিএস) ৭৪ দশমিক ২ শতাংশ বেড়ে ২১ দশমিক ৯৮ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৩৯ দশমিক ৩১ টাকা হয়েছে।
গবেষণা ও উন্নয়ন এবং নতুন পণ্য উদ্ভাবনের ওপর গুরুত্ব দিচ্ছে রেনাটা। আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে প্রতিষ্ঠানটি ১০০টি বায়োইকুইভ্যালেন্ট পণ্য উন্নয়ন করেছে। বর্তমানে ৭৭টি আন্তর্জাতিক বাজারে রেনাটার উপস্থিতি রয়েছে এবং নিয়ন্ত্রিত বাজারগুলোর জন্য ইনজেকটেবল, ক্যানসারবিরোধী ও বিশেষায়িত পণ্যের উন্নয়ন কাজ চলছে।