বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নোয়াখালীতে দিনমজুরের গাভি মৃত্যু
দেড় লাখ টাকা মূল্যের গাভিটি হারিয়ে দিশাহারা পরিবার
নোয়াখালী জেলা প্রতিনিধি · সেনবাগ, নোয়াখালী
প্রকাশ:
নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চারিদ্রোন পাটোয়ারী বাড়ি এলাকার বাসিন্দা মো. ফকির আহমদ (৫০)। পেশায় দিনমজুর ফকির আহমদ ঋণ নিয়ে একটি গাভি কিনেছিলেন এবং বাছুর হওয়ার পর তা পরম যত্নে লালন-পালন করছিলেন। গাভিটি ছিল তাঁর পরিবারের একমাত্র অর্থনৈতিক অবলম্বন, যার দুধ প্রতিদিন বাজারে বিক্রি করে সংসার চলত। কিন্তু রোববার বেলা ১১টার দিকে ঘাস খেয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির ছেঁড়া তারে জড়িয়ে গাভিটি মারা যায়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী ফকির আহমদের স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। গাভিটি থেকে প্রতিদিন প্রায় তিন কেজি দুধ পাওয়া যেত, যা বিক্রির টাকা দিয়ে চলত তাঁর সংসার। আজ দুপুর ও সন্ধ্যায় দুই দফায় মুঠোফোনে কথা হয় ফকির আহমদের সঙ্গে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘গাভিটির বর্তমান বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে এটি কিনেছিলাম। মাসে এর কিস্তি দিতে হয় ১১ হাজার টাকা। বাছুর হওয়ার পর গাভিটি লালন-পালন করছিলাম। এটিই ছিল পরিবারের আয়ের একমাত্র অবলম্বন। গাভিটি হারিয়ে এখন আমি দিশাহারা।’
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টানানো একটি তার ছিঁড়ে ওপরের মূল লাইনের সংস্পর্শে ছিল, যা কারও নজরে আসেনি। সকালে ঘাস খেয়ে ফেরার পথে ওই তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই গাভিটির মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী আবুল বাশার জানান, বেলা ১১টার দিকে গাভিটি বাড়ি ফেরার সময় হঠাৎ ছেঁড়া তারের সংস্পর্শে এসে ছটফট করতে থাকে। এ সময় বাছুরটিও গাভির দিকে যাচ্ছিল, তিনি বাছুরটিকে আটকে চিৎকার করে লোকজনকে ডাকলেও ততক্ষণে গাভিটির মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা ফকির আহমদের পরিবারকে সহায়তার জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মিনারুল ইসলাম জানান, চারিদ্রোন এলাকায় বৈদ্যুতিক খুঁটির টানা তার ছিঁড়ে থাকার বিষয়টি আগে কেউ তাঁদের জানাননি। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর অভিযোগ পাওয়ার পর বিদ্যুৎ-কর্মীরা গিয়ে ছেঁড়া তারটি অপসারণ করেছেন।