শ্বশুরের মৃত্যুর কয়েক ঘণ্টা পর পুত্রবধূর মৃত্যু
স্বজনের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে অসুস্থ হয়ে মারা যান পুত্রবধূ
নোয়াখালী জেলা প্রতিনিধি · সুবর্ণচর, নোয়াখালী
প্রকাশ:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাত্র সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, শ্বশুরের মৃত্যুর পর শোকে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে মারা যান পুত্রবধূ। গত শনিবার রাতে শ্বশুর এবং গতকাল রোববার সকালে পুত্রবধূ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিজ্ঞাপন
মারা যাওয়া শ্বশুরের নাম মো. মফিজুর রহমান (৭০), যিনি পেশায় একজন কৃষক ছিলেন। তিনি সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে মারা যাওয়া পুত্রবধূর নাম রাহিনা আক্তার (৩২), তিনি মফিজুর রহমানের মেজ ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কামাল উদ্দিন জানান, মফিজুর রহমান অত্যন্ত স্নেহশীল মানুষ ছিলেন এবং পরিবারের সবাইকে আগলে রাখতেন। তিনি আরও বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে মফিজুর রহমানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন ওই পুত্রবধূ। আহাজারি করতে করতে গতকাল ভোরের দিকে জ্ঞান হারান তিনি। এরপর পল্লিচিকিৎসক ডেকে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যেই গতকাল সকাল সাড়ে নয়টার দিকে গৃহবধূও মারা যান।’
ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, গতকাল স্থানীয় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে বেলা সাড়ে ১১টার দিকে শ্বশুরের এবং সন্ধ্যার পর পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ‘শ্বশুরের মৃত্যু এবং তাঁর শোকে পুত্রবধূরও মারা যাওয়ার এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকার মানুষ অত্যন্ত শোকাহত।’