স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে গিয়ে তিন বাহিনীর প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জাম প্রদর্শনী পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালী জেলা প্রতিনিধি · নোয়াখালী
প্রকাশ:
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছানোর পর তিন বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এছাড়া তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শনীর পাশাপাশি অনুশীলনস্থল ঘুরে দেখবেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পরিদর্শন করবেন।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা স্বর্ণদ্বীপে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।