ইটভাটার তথ্য ও স্বাস্থ্যঝুঁকি জানতে চালু হলো ইটেরভাটা ডটকম
দেশের ৪৪টি জেলার ইটভাটার অবস্থান ও দূষণের মাত্রা জানা যাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
দেশের ইটভাটাগুলোর অবস্থান, ধরন এবং এর কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির তথ্য জানতে ‘iterbhata.com’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে ‘পাবলিক অ্যাকশন ফর ক্লিনার এয়ার’ শীর্ষক অনুষ্ঠানে এই ট্র্যাকারটির উদ্বোধন করা হয়। গবেষণাপ্রতিষ্ঠান আরকেড ফাউন্ডেশন ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এই ট্র্যাকার দেখলেই আমরা বুঝতে পারব কোন ইটভাটা কতটুকু দূষণ করছে। এর মাধ্যমে সরকারের কর্তৃপক্ষের কাজ করা অনেক সহজ হবে। এ ধরনের ট্র্যাকার ভবিষ্যতে আরও দূষণকারী যেসব শিল্প যেমন সমিল, হাসকিং মিল, এমনকি বন উজাড়ের ক্ষেত্রেও প্রয়োগ করা সম্ভব হতে পারে।’
ট্র্যাকারটির অন্যতম উদ্যোক্তা ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্টিন ম্যাটসন জানান, জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘মানুষ এর মাধ্যমে নিজের এলাকার ইটভাটার দূষণ পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। সেই তথ্যের ভিত্তিতে তাঁরা রাজনৈতিক নেতৃত্ব ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সুজানা করিম বলেন, তথ্য পাওয়ার অধিকার প্রতিটি মানুষের রয়েছে এবং এই ট্র্যাকার সেই সুযোগ তৈরি করবে।
অনুষ্ঠানে জানানো হয়, স্যাটেলাইট চিত্র ও মেশিন লার্নিং মডেল ব্যবহার করে দেশের সক্রিয় ইটভাটাগুলো শনাক্ত করা হয়েছে। অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মাধ্যমে ভাটাগুলোর অবস্থান এবং ‘অরবিট’ বায়ুমান মডেলের সাহায্যে আবহাওয়া, বাতাসের গতিপথ ও জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করে স্বাস্থ্যক্ষতির হিসাব করা হয়েছে। বর্তমানে দেশের ৪৪টি জেলা ও ১৬৮টি উপজেলার তথ্য এতে যুক্ত রয়েছে এবং পর্যায়ক্রমে পুরো বাংলাদেশকে এর আওতায় আনা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের (একিউএলআই) ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বায়ুদূষণের মাত্রা বিশ্বের মধ্যে সর্বোচ্চ, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে ১২ গুণ বেশি। এর ফলে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৫ দশমিক ৫ বছর এবং ঢাকা জেলার মানুষের গড় আয়ু প্রায় সাত বছর কমছে। দেশে ছয় হাজারের বেশি ইটভাটা রয়েছে যা মূলত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত চালু থাকে এবং ফুসফুসের রোগ, ক্যানসার, হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। গবেষকদের মতে, সবচেয়ে ক্ষতিকর ভাটাগুলো চিহ্নিত করে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হলে বিপুলসংখ্যক মানুষকে স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করা যাবে।