হাই তোলা কেন ছোঁয়াচে এবং চোখে পানি আসে কেন
হাই তোলার সময় চোখে পানি আসা সাধারণত স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া হলেও অনেক সময় এটি অস্বস্তির কারণ হতে পারে
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
অন্য কাউকে হাই তুলতে দেখলে বা হাই তোলার শব্দ শুনলে নিজেরও হাই আসার প্রবণতা তৈরি হয়। এমনকি হাই তোলা নিয়ে ভাবলেও এমনটি ঘটতে পারে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, হাই তোলা ছোঁয়াচে এবং এর সঙ্গে মানুষের সহমর্মিতার বা এমপ্যাথির গভীর সম্পর্ক রয়েছে। সাধারণত অপরিচিত ব্যক্তির চেয়ে পরিচিত বা কাছের মানুষের হাই দেখলে মানুষ বেশি প্রভাবিত হয়।
বিজ্ঞাপন
২০১৩ সালের একটি গবেষণায় ৩ থেকে ১৭ বছর বয়সী শিশুদের হাই তোলার প্রবণতা পর্যবেক্ষণ করা হয়। গবেষকরা দেখতে পান, তিন বছর বয়সী শিশুদের মধ্যেও অন্যের চোখের দিকে তাকানোর পর হাই তোলার প্রবণতা কাজ করে। তবে হাই তোলার সময় সবার চোখে পানি আসে না, এটি নির্ভর করে চোখের অশ্রু তৈরির পরিমাণ ও শারীরিক অবস্থার ওপর। যাদের চোখে স্বাভাবিকভাবেই অশ্রু কম তৈরি হয়, তাদের ক্ষেত্রে হাই তোলার সময় চোখে পানি না-ও আসতে পারে।
পরিবেশগত কিছু কারণেও হাই তোলার সময় চোখে পানি আসতে পারে। এর মধ্যে রয়েছে ঠান্ডা বা শুষ্ক আবহাওয়া, ফ্যান কিংবা এসির বাতাস, ধুলাবালি, সুগন্ধি, অ্যালার্জি, কনজাংটিভাইটিস, অঞ্জনি বা কর্নিয়ায় সামান্য আঁচড়। হাই তোলার সময় চোখে পানি আসা সাধারণত স্বাভাবিক প্রক্রিয়া, তবে আগে যতটা পানি পড়ত তার চেয়ে হঠাৎ অনেক বেশি পড়তে শুরু করলে বা বিষয়টি অস্বস্তির কারণ হলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
বিশেষজ্ঞরা জানান, হাই তোলার সময় চোখে পানি আসা সরাসরি বন্ধ করার কোনো উপায় নেই। তবে অ্যালার্জি বা শুষ্ক চোখের চিকিৎসা করালে এই সমস্যা অনেকটা কমে আসে। পর্যাপ্ত ও ভালো ঘুম নিশ্চিত করা এবং অলস বা একঘেয়েমি লাগলে হাঁটাচলা করলে ঘন ঘন হাই তোলার প্রবণতা কমানো সম্ভব। এছাড়া চোখের পানিতে জ্বালাপোড়া বা খচখচানি ভাব হওয়া স্বাভাবিক নয়, এমন পরিস্থিতিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।