গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন
১৮৬ ক্যারেটের এই দামী গয়না রক্ষায় নিয়োজিত ছিলেন চারজন নিরাপত্তাকর্মী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ গত বৃহস্পতিবার রাতে তাঁর কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’র প্রিমিয়ারে উপস্থিত হন। অনুষ্ঠানে তাঁর গলায় থাকা ১৮৬ ক্যারেটের হীরার হারটি সবার নজর কাড়ে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪৫ কোটি টাকা। এই দামি গয়নাটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন চারজন কর্মী, যার মধ্যে দুজন ছিলেন দায়িত্বের বাইরে থাকা সশস্ত্র পুলিশ কর্মকর্তা।
বিজ্ঞাপন
লোপেজের পরনে ছিল ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার নকশা করা শ্যান্টিলি লেসের গাউন এবং সাটিনের শাল-কোট। হারটির নাম ‘সিসিলিয়া’, যার কেন্দ্রে রয়েছে ১১০ ক্যারেটের হলুদ রঙের নাশপাতি আকৃতির হীরা। প্রিমিয়ারের লালগালিচায় মার্ক ম্যালকিনকে দেওয়া সাক্ষাৎকারে লোপেজ জানান, হারটির চারপাশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং সবাই কেবল হারটির দিকেই নজর রাখছেন।
গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার আলতা মোদা ফ্যাশন শোতে প্রথম লোপেজের চোখে পড়ে এই গাউন, কোট ও হারটি। লোপেজ জানান, ‘সেখানে গিয়ে হারটি দেখলাম, কোটটিও দেখলাম। আমার খুব ভালো লেগে গেল। আমি বললাম, এগুলো আমার দারুণ পছন্দ হয়েছে। তারা জানাল, প্রিমিয়ারের জন্য এগুলো আমার কাছে পাঠিয়ে দেবে। কোটটি আমাকে উপহার দিয়েছে আর হারটি পাঠিয়েছে আজকের রাতের জন্য।’
এই হার নিজের সংগ্রহে রাখার পরিকল্পনা নেই লোপেজের। তিনি বলেন, ‘এটি ভীষণ দামি হার। অসাধারণ সুন্দর। শেষ পর্যন্ত যিনি এর মালিক হবেন, তিনি সত্যিই ভাগ্যবান। এটি এমন গয়না, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার হিসেবে রেখে দেওয়া যায়।’
‘দ্য জে-লো শো’ চলচ্চিত্রটিতে লাস ভেগাসের মঞ্চে ধারণ করা কনসার্টের পাশাপাশি উঠে এসেছে লোপেজের জীবনের গল্প। ব্রঙ্কসে ছোটবেলার বেড়ে ওঠা থেকে বিশ্বজোড়া তারকা হয়ে ওঠার কাহিনী এতে স্থান পেয়েছে। লোপেজ বলেন, ‘আমি এখন পরবর্তী অ্যালবাম নিয়ে কাজ করছি। অনেক গান তৈরি করছি। জীবনও উপভোগ করছি। আমার মনে হয়, এই শো আমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি আমার জীবনের একটি বিশেষ সময়কে চিহ্নিত করছে। এত দিন যা করেছি, তার সবকিছুর শেষে যেন একটি দাঁড়ি, বিস্ময়চিহ্ন বসিয়ে দিচ্ছে। এবার আমরা নতুন গল্প বলতে পারব।’
বিজ্ঞাপন
ব্যক্তিগত জীবনে চারবার বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতার পর এই তারকা এখন একাই থাকতে স্বচ্ছন্দ। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার এখন প্রেম করার প্রয়োজন নেই। আমি ভালো আছি, সুখে আছি। এই ভালো থাকাটা নষ্ট করতে চাই না।’ নিজের অতীতের ধারণা বদলে লোপেজ বলেন, ‘গত ২০ বছরে অনেক কিছু শিখেছি। বিশেষ করে গত কয়েক বছর নিজের সম্পর্কে আরও সচেতন হওয়ার এবং ভালোবাসা আসলে কী, তা বোঝার সময় ছিল। ছোটবেলায় ভালোবাসা নিয়ে আমার একটা ধারণা ছিল। জীবনের এত উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে যেতে বুঝেছি, যেটাকে ভালোবাসা মনে করতাম, সব সময় তা ভালোবাসা ছিল না।’
সাবেক স্বামী মার্ক অ্যান্টনির সঙ্গে লোপেজের যমজ সন্তান এমে ও ম্যাক্স বর্তমানে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। সন্তানদের বাড়ি ছেড়ে যাওয়ার পর একধরনের শূন্যতা অনুভব করেন লোপেজ। তিনি বলেন, ‘বাড়িতে ঢুকলেই বিষয়টি টের পাওয়া যায়। ওদের ঘরগুলো আগের মতোই রেখেছি। দরজা বন্ধ করি না। পাশ দিয়ে যাওয়ার সময় ওদের জিনিসপত্র দেখি। কখনো কখনো ঘরে ঢুকেও বসি।’
সন্তানদের কথা মনে করে প্রায়ই আবেগপ্রবণ হয়ে পড়েন বলে জানান লোপেজ। তিনি বলেন, ‘ওরা আমার সত্তারই অংশ। আমার যমজ সন্তান দুজনই আমার সবকিছু। সবচেয়ে কঠিন বিষয় হলো, দুজন একই সময়ে বাড়ি ছেড়ে গেছে।’ তবে নিয়মিত ভিডিও কল ও ফোনের মাধ্যমে সন্তানদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তিনি।
‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ ২৬ নভেম্বর রাত ৮টায় যুক্তরাষ্ট্রের সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে। এর একটি বর্ধিত সংস্করণ শুধু প্যারামাউন্ট প্লাসে দেখা যাবে।