ফাতিমা ১০ বছর কিছু না করেই জীবন চালিয়ে যাবেন
সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ রেনা ফাতিমা নিজের উপার্জনে আগামী ১০ বছর চলার মতো অর্থ জমিয়েছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মাত্র ২০ বছর বয়সেই মাসে ৩ থেকে ১০ লাখ রুপি আয় করছেন ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ রেনা ফাতিমা। ‘বিগ বস মালয়ালম ৭’-এর সাবেক এই প্রতিযোগী নিজের উপার্জনে মায়ের চাকরি ছাড়ানোর পাশাপাশি পরিবারের ভ্রমণের স্বপ্নও পূরণ করেছেন। বর্তমানে তিনি বেঙ্গালুরুর তিন শোবার ঘরের একটি ফ্ল্যাটে থাকছেন এবং নিজের একটি গাড়িও রয়েছে। রেনার দাবি অনুযায়ী, তিনি আগামী ১০ বছর চলার মতো অর্থ সঞ্চয় করেছেন।
বিজ্ঞাপন
সম্প্রতি নিজের আর্থিক সাফল্যের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন রেনা। সেখানে তিনি জানান, মাত্র ১৫ বছর বয়স থেকেই তিনি উপার্জন শুরু করেন এবং এরপর থেকে কখনোই আর্থিকভাবে পরিবারের ওপর নির্ভর করতে হয়নি তাঁকে। বর্তমানে তাঁর মাসিক আয় সর্বনিম্ন ৩ লাখ রুপি থেকে সর্বোচ্চ ১০ লাখ রুপিতে পৌঁছায়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৯০ হাজার থেকে ১৬ লাখ ৩০ হাজার টাকা। তিনি আরও জানান, উপার্জিত অর্থের যথাযথ করও তিনি প্রদান করেন।
রেনার ভাষ্যমতে, গত বছর ১৯ বছর বয়সে তিনি তাঁর মাকে করপোরেট চাকরি ছেড়ে দেওয়ার পরামর্শ দেন, কারণ তত দিনে তিনি পরিবারের দায়িত্ব নেওয়ার মতো আর্থিক সক্ষমতা অর্জন করেছেন। মায়ের স্বপ্ন পূরণের জন্য তিনি তাঁকে নিয়ে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় গিয়েছেন এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভারতের মানালি ও জয়পুরে ভ্রমণ করেছেন। গাড়ি কেনার বিষয়ে রেনা জানান, গত বছর একটি পুরোনো হুন্দাই ক্রেটা কেনার পর সেটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি নতুন টয়োটা হাইরাইডার কিনেছেন।
কেরালার কোঝিকোড়ের মেয়ে রেনার জনপ্রিয়তার শুরু স্কুলজীবনে, যখন অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাঁর একটি রিঅ্যাকশন ভিডিও অপ্রত্যাশিতভাবে ভাইরাল হয়ে যায়। প্রথম দিকে সৌন্দর্যচর্চা ও ত্বকের যত্নবিষয়ক ভিডিও বানালেও পরবর্তীতে মেকআপ, ফ্যাশন, জীবনযাপন, ভ্রমণ ও আর্থিক সচেতনতামূলক কনটেন্ট তৈরি শুরু করেন তিনি। এছাড়া ‘রেনজারি’ নামে তাঁর একটি অনলাইন পোশাকের ব্যবসাও রয়েছে এবং তিনি বিভিন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন।
টাইমস অব ইন্ডিয়ার ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, এভিয়েশন বিষয়ে বিবিএ পড়ুয়া রেনা অভিনয়ের সঙ্গেও যুক্ত। তিনি মালয়ালম চলচ্চিত্র ‘কোচাউভা পাওলো আইয়াপ্পা কোয়েলহো’ ও ‘ই’তে শিশুশিল্পী হিসেবে এবং ‘অনিয়াথিপ্রাভু’ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। ২০২৫ সালে মোহনলাল সঞ্চালিত ‘বিগ বস মালয়ালম ৭’-এ ১৯ বছর বয়সে তিনি অনুষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রতিযোগী হিসেবে প্রবেশ করেন এবং ৫০ দিন সেখানে অবস্থান করেন।
বিজ্ঞাপন
রেনার ব্যক্তিগত জীবন নিয়েও অনুসারীদের আগ্রহ রয়েছে। একাদশ শ্রেণিতে পড়ার সময় আলিব ফজলের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি এবং দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের কথাও চূড়ান্ত হয়েছে। প্রায় ছয় মাস আগে বেঙ্গালুরুতে স্থানান্তরিত হয়ে তিন শোবার ঘরের একটি ফ্ল্যাটে বাগ্দত্তা আলিব ফজল ও দুটি পোষা প্রাণীর সঙ্গে থাকছেন রেনা।
সাফল্যের পাশাপাশি বিতর্কের মুখেও পড়েছেন রেনা। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর মেয়ের ছবি ব্যবহার করে বিদ্রূপ করার ঘটনায় তিনি সমালোচনার মুখে পড়েন এবং অনেকে তাঁর আচরণকে বর্ণবাদী বলে অভিহিত করেন। যদিও পরে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন রেনা, তবে তাঁর দাবি, এরপর থেকে অনেকে তাঁর অ্যাকাউন্ট বন্ধের জন্য রিপোর্ট করছেন এবং তাঁকে হুমকি দেওয়া হচ্ছে।