পরিবার নিয়ে কটূক্তির বিরুদ্ধে সরব রাশমিকা মান্দানা
সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির বিরুদ্ধে সাইবার অপরাধ দমন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন রাশমিকা ও বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল ও সমালোচনা নতুন কিছু নয়। অনেক সময় এই সমালোচনা সীমা ছাড়িয়ে যায় এবং পরিবারের সদস্যদেরও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। সম্প্রতি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের দ্বিতীয় পর্বে অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে উপস্থিত হওয়ার পর এই তারকা দম্পতি ব্যাপক ট্রলিংয়ের শিকার হন। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে তাঁরা অনলাইনে ছড়ানো নানা বক্তব্য ও হয়রানির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেন।
বিজ্ঞাপন
ইউটিউব চ্যানেল ‘প্রেমা: দ্য জার্নালিস্ট’-এর সঙ্গে আলাপচারিতায় রাশমিকা জানান, আগে তিনি নেতিবাচক মন্তব্যের জবাব দিতেন। কিন্তু এখন তাঁর উপলব্ধি হয়েছে, ট্রলের সঙ্গে তর্কে জড়ানো সময়ের অপচয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা সময় পর্যন্ত আমি এসব মন্তব্যের জবাব দিতাম। পরে বুঝেছি, এতে কোনো লাভ হয় না। বরং নীরব থাকাই ভালো। এখনো কখনো কখনো পাল্টা জবাব দিতে ইচ্ছা করে, কিন্তু নিজেকে সামলে নিই। আমার মতে, সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই।’
কাজের সমালোচনাকে পেশার অংশ মনে করলেও পরিবারের বিষয়ে আপসহীন রাশমিকা। তিনি বলেন, ‘কেউ আমার পরিবারকে নিয়ে কথা বললে আমি সেটা পছন্দ করি না। তখন আমি পুরোপুরি যোদ্ধার ভূমিকায় চলে যাব। আমার আগামী সিনেমা “মাইসা”র চরিত্রের মতো হয়ে উঠব।’ তাঁর ব্যাখ্যা, পরিবারের সদস্যরা বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন এবং জনপরিচিত মানুষও নন। রাশমিকার ভাষ্যমতে, ‘আমার পরিবার কিংবা বন্ধুদের এভাবে আক্রমণ করার কোনো কারণ নেই। তাঁরা এর যোগ্য নন। আমি আর বিজয় হয়তো তারকা হিসেবে এসব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি। কিন্তু আমাদের পরিবারের মানুষদের কেন এসবের মধ্যে টেনে আনা হবে?’
‘কফি উইথ করণ’-এর ওই অনুষ্ঠানে রাশমিকা জানিয়েছিলেন, একসময় তিনি বিজয়কে টানা এক বছর প্রতিদিন বিয়ের প্রস্তাব দিতেন। এই স্বীকারোক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে তাঁদের খোলামেলা কথাবার্তার প্রশংসা করলেও বিজয়ের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ বলে আখ্যা দেন। বিতর্ক বাড়তে থাকলে বিজয় ও রাশমিকা হায়দরাবাদের সাইবার অপরাধ দমন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগে ভুয়া তথ্য প্রচার, সম্পাদিত স্ক্রিনশট, পরিচয় নকল করে প্রতারণা এবং পরিকল্পিত অনলাইন হয়রানির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।