সিনেমা ব্যর্থতায় অভিনয় ছাড়ার কথা ভাবছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে টানা ব্যর্থতার পর সংগীত ও প্রযোজনায় মনোযোগ দেওয়ার পরিকল্পনা হলিউড তারকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
কয়েক দশকের ক্যারিয়ারে গান, নাচ ও অভিনয়ের মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করেছেন জেনিফার লোপেজ। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় অভিনয় নিয়ে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এই হলিউড তারকা। ব্রিটিশ সাময়িকী হিট জানিয়েছে, নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন তিনি এবং গত কয়েক মাসে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন।
বিজ্ঞাপন
লোপেজের সাম্প্রতিক ব্যর্থতার তালিকায় রয়েছে ‘দিস ইজ মি...নাউ: আ লাভ স্টোরি’ এবং নেটফ্লিক্সের সায়েন্স ফিকশন সিনেমা ‘অ্যাটলাস’। বড় বাজেটের সিনেমা ‘অ্যাটলাস’ দর্শক ও সমালোচকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এছাড়া ৩ কোটি ডলার বাজেটের সিনেমা ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এবং মাত্র ১৮ লাখ ডলার আয় করে।
একটি সূত্রের দাবি, সাম্প্রতিক ব্যর্থতাগুলো লোপেজকে বেশ ভাবিয়ে তুলেছে। সূত্রটি বলেছে, ‘গত কয়েক বছরে তাঁর বেশ কিছু সিনেমা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। এতগুলো সিনেমার পর কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে কখনো কখনো সংশয়ে ভুগছেন তিনি।’ পরিস্থিতি বিবেচনায় তিনি সিনেমা বা টেলিভিশন প্রকল্প প্রযোজনা এবং নিজের সংগীত নিয়ে কাজ করতেই বেশি আগ্রহী হয়ে উঠেছেন।
সূত্রটির ভাষ্যমতে, ‘এমন সময়ও এসেছে, যখন তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন।’ তবে সংগীতজগতে এখনো ভালো সময় পার করছেন লোপেজ; ডেভিড গুয়েতার সঙ্গে তাঁর যৌথ গান ‘সেভ মি টুনাইট’ বিলবোর্ডের ড্যান্স বা মিক্স শো এয়ারপ্লে চার্টে শীর্ষস্থান অর্জন করেছে।
এদিকে সাম্প্রতিক সিনেমাগুলোর ব্যর্থতার কারণে কেউ কেউ তাঁকে বক্স অফিসের ‘অভিশাপ’ হিসেবে গণ্য করতে পারে বলে আশঙ্কা করছেন লোপেজ। সূত্রটির দাবি, ভবিষ্যতে কিছু অভিনেতা-অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করতে অনাগ্রহী হতে পারেন বলে মনে করছেন তিনি। তবে লোপেজের এমন কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন সাবেক স্বামী বেন অ্যাফ্লেক, যিনি লোপেজকে নিজের পরিচিতদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী বলে অভিহিত করেছেন।