শান্তিনিবাসে প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব
শান্তিনিবাসের ৭৪ বছর বয়সী প্রবীণ শেখ সাজ্জাদ হোসেন ও ৬৯ বছর বয়সী নূর জাহান বেগম উপস্থিত ছিলেন
ফরিদপুর জেলা প্রতিনিধি · ফরিদপুর
প্রকাশ:
আজ বিকেল চারটায় শহরের টেপাখোলা মহল্লায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শান্তিনিবাসে ফরিদপুর বন্ধুসভার আয়োজনে সোনালি বিকেল ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি প্রবীণদের সঙ্গে সমাবেশের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল।
বিজ্ঞাপন
প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা উৎসবের সূচনা বক্তৃতা দেন। তিনি বলেন, ‘আগামী ৪ নভেম্বর প্রথম আলো পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে। এ লক্ষ্যকে সামনে রেখে আজ আপনাদের নিয়ে বন্ধুসভার পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হলো’।
শান্তিনিবাসের নিবাসী শেখ সাজ্জাদ হোসেন (৭৪) নিজের অভিব্যক্তি তুলে ধরে বলেন, তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের গাড়িচালক ছিলেন, দুই ছেলে ও চার মেয়ের বাবা, তবে ছেলেদের পরিচয় দিতে চান না। তিনি উল্লেখ করেন, ছয়তলা একটি বাড়ি ছিল, যেটি ছেলেমেয়েদের নামে লিখে দিয়েছেন এবং গত ৯ বছর ৯ মাস থেকে তিনি কেন্দ্রের নিবাসী। এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের ফলে তার অতীতের স্মৃতি ও সন্তানদের কথা স্মরণে আসে এবং তিনি কান্নায় ভেঙে পড়েন।
অন্যান্য নিবাসী নূর জাহান বেগম (৬৯) বলেন, তিনি ফরিদপুর সদর হাড়োকান্দি এলাকার বাসিন্দা, বিয়ের দুই মাসের মধ্যে জমি বিরোধে স্বামীকে আত্মীয়স্বজনেরা হত্যা করেন; বিধবা হয়ে তিনি আবার বাবার বাড়ি হাড়োকান্দিতে ফিরে আসেন। তার আরও দুই বোন ছিলেন, বাবা-মায়ের মৃত্যুর পর দুই বোনের বিয়ে হয়, তবে একসময় তাকে চক্রান্ত করে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়।
পিঠা উৎসবে চিতই পিঠা, পাটিসাপটা, অন্দশা, তালের বড়া, পাকান ও ভাপা পিঠা পরিবেশন করা হয়, পাশাপাশি পানি ও কোমল পানীয় সরবরাহ করা হয়। নচিকেতার লেখা ‘ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার’ এবং বাউলশিল্পী শাহ আলম সরকারের ‘দুখের দরদি মা, জনম দুখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুখিনী মা’ গানটি ফরিদপুর বন্ধুসভার সদস্য গামছা কাজল পরিবেশন করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহিদ উল্লা, মফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, অজয় দাস, রেজাউল করিম, মানিক কুন্ডু, পলাশ সাহা, এহ্তে শাম শাওন ও শ্যামল মন্ডল। ফরিদপুর বন্ধুসভা সহসভাপতি মানিক কুন্ডু বলেন, ‘প্রথম আলোর বর্ষপূর্তি উপলক্ষে আমাদের একটি ভালো কাজ করার পরামর্শ দেওয়া হয়। সে উদ্যোগের অংশ হিসেবে আজ ফরিদপুরের শান্তিনিবাসের প্রবীণদের নিয়ে এ পিঠা উৎসবের আয়োজন করি’।