বিরাট কোহলির সঙ্গে বন্ধুত্বের কারণে কোটি টাকা খরচের কথা জানালেন ফাফ ডু প্লেসি
কোহলির ঘড়ির নেশা দেখে নিজেরও শখ জেগেছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি ব্যক্তিগত জীবনে বিয়ের পর সংসার করলেও, জীবনের সবচেয়ে খরুচে সম্পর্কের নাম হিসেবে বিরাট কোহলিকে অভিহিত করেছেন। তিনি জানান, এই সম্পর্কের মূলে রয়েছে আবেগ, বন্ধুত্ব এবং বিলাসী ঘড়ির প্রতি এক তীব্র নেশা। ডু প্লেসির ভাষায়, কোহলি হলেন ‘দ্য ওয়াচ গাই’, যার সঙ্গে কয়েক মিনিট কাটালেই ঘড়ির প্রতি ভালোবাসা তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে এই নতুন ভালোবাসার আর্থিক মাশুল তাকে নিজের পকেট থেকেই দিতে হচ্ছে।
বিজ্ঞাপন
ইএসপিএনক্রিকইনফোর একটি অনুষ্ঠানে সতীর্থ ডেল স্টেইনের সঙ্গে আলাপচারিতায় ডু প্লেসি বলেন, ‘বিরাট কোহলির সঙ্গে কয়েক মিনিট সময় কাটালেই ঘড়ি সম্পর্কে বুঝতে শুরু করবেন। সে ঘড়ি কেনার পাগল! দ্য ওয়াচ গাই। এত ঘড়ি কেনে, আর তার হাতেও অনেক বেশি টাকা!’ ডেল স্টেইন এ সময় যুক্তি দেন যে, কোহলি হয়তো উপহার হিসেবে অনেক দামী ঘড়ি পান, কিন্তু ডু প্লেসি সেই দাবি নাকচ করে দিয়ে জানান, ‘না, না, সে নিজেই কেনে!’
ডু প্লেসির ভাষ্যমতে, বিশ্বের সবচেয়ে ভালো এবং দুর্লভ সব ঘড়ির বিশাল সংগ্রহ রয়েছে কোহলির কাছে। সুইজারল্যান্ডের নামী সব ব্র্যান্ড যেমন রোলেক্স, পাতেক ফিলিপ, অদেমার পিগে, কার্তিয়ে ও পানারাইয়ের মতো ঘড়ি তার সংগ্রহে রয়েছে। কোহলি যখন কোথাও ঘুরতে যান এবং ছবি পোস্ট করেন, তখন ঘড়িপ্রেমীরা তার হাতের ঘড়ির ব্র্যান্ড, মডেল এবং দাম নিয়ে গবেষণায় মেতে ওঠেন। তার ভ্রমণের ছবিগুলো যেন এক ঘড়ির প্রদর্শনী।
এই ঘড়ির নেশা ডু প্লেসিকে এক ধরনের বিপদে ফেলেছে। তিনি জানান, একসময় তার মনে হতো একটা ঘড়ির পেছনে এত টাকা খরচ করার কোনো মানে হয় না। কিন্তু কোহলির সঙ্গে মেলামেশার পর সেই ধারণা বদলে গেছে। ডু প্লেসি বলেন, ‘একটা সময় আমার মনে হতো, ভাই, একটা ঘড়ির পেছনে এত টাকা খরচ করা যায় নাকি! এরপর আমার জীবনের সবচেয়ে খরুচে সম্পর্ক তৈরি হলো ওর সঙ্গে। কারণ, ও আমাকে এমন সব ঘড়ি কিনিয়েছে, যেগুলো আমার কোনো দিনই কেনা উচিত হয়নি। কখনোই না, কখনোই না, কখনোই না!’
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন এই দুই তারকা। সেই সময় কোহলিকে সরিয়ে ডু প্লেসিকে দলটির অধিনায়ক করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ মৌসুমের আগে বেঙ্গালুরু তাকে ছেড়ে দিলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। তবে ২০২৬ আইপিএলের জন্য দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান নিলামে নাম লেখানোর সিদ্ধান্ত নেননি।