বরগুনায় বর্ণিল আয়োজনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
পরিবেশবান্ধব আয়োজনে কবিতা, নৃত্য ও গানে মুখর ছিল বরগুনা বন্ধুসভার অনুষ্ঠান
বরগুনা জেলা প্রতিনিধি · বরগুনা
প্রকাশ:
১৩ নভেম্বর বিকেলে বরগুনায় বর্ণিল আয়োজনে উদ্যাপন করা হয়েছে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। বরগুনা বন্ধুসভার আয়োজনে ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্য ও গানের পরিবেশনা ছিল মূল আকর্ষণ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটির মঞ্চ সাজানোর ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়, যা উপস্থিত সবার নজর কাড়ে। প্লাস্টিক বা ক্ষতিকর উপাদানের পরিবর্তে প্রথম আলোর পুরোনো পত্রিকা, কাপড় ও কাঠের ফ্রেম ব্যবহার করে এই ইকো ফ্রেন্ডলি ব্যাকড্রপ তৈরি করেন বন্ধুসভার সদস্যরা।
বরগুনা বন্ধুসভার সভাপতি খান নাঈম অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং সঞ্চালনায় ছিলেন তাসমিয়া স্নেহা। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বন্ধুসভার বর্তমান ও সাবেক সদস্যসহ পাঠকেরা অংশগ্রহণ করেন এবং নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
পাঠক সুবাহ তাবাসসুম বলেন, ‘প্রথম আলো মানেই সত্যের পক্ষে এবং তারুণ্যের শক্তি। আজকের এই আয়োজনে পরিবেশবান্ধব উপায়ে স্টেজ সাজানো দেখে সত্যিই খুব ভালো লেগেছে। এটি আমাদের পরিবেশ সুরক্ষার বার্তা দেয়।’
স্মৃতিচারণ করতে গিয়ে বন্ধুসভার অ্যালামনাই আবদুল আলীম বলেন, ‘বন্ধুসভা আমাদের তারুণ্যের শক্তি ও ভালো কাজের প্রেরণা। প্রথম আলোর জন্মদিনের এই অনুষ্ঠানে এসে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। তরুণদের নিয়ে বন্ধুসভার এই পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
বিজ্ঞাপন
জেলা গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান এমদাদ হোসেন খান জানান, ছোটবেলা থেকেই তার সঙ্গে এই পত্রিকার অন্য রকম ভালোবাসার সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘খবরের কাগজের সুবাস এবং এর বস্তুনিষ্ঠ সংবাদ আজও আমাকে টানে। বরগুনা বন্ধুসভার আজকের এই চমৎকার আয়োজন আমাদের শৈশব-কৈশোরের স্মৃতিগুলোকে যেন আবার জাগিয়ে তুলেছে।’