বিস্কুটে বিড়াল মেরে শাস্তি ছয় মাস কুকুর‑বিড়ালকে খাওয়ানো
দোকানের বিস্কুট খাওয়ার অভিযোগে বিড়ালটিকে দড়িতে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছিল
দিনাজপুর জেলা প্রতিনিধি · ঘোড়াঘাট, দিনাজপুর
প্রকাশ:
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানে চুরি করে বিস্কুট খাওয়ায় একটি স্ত্রী বিড়ালকে দড়িতে ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে সারোয়ার হোসেন নামের এক বেকারি দোকানির বিরুদ্ধে। গত রোববার বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে এ ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত দোকানিকে ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাবার খাওয়ানোর নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন কাওসার শেখ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় প্রদান করেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও অভিযোগকারী মেহেদী হাসানের ভাষ্যমতে, ১৩ নভেম্বর রাতে বলগাড়ি বাজারের দোকানি সারোয়ার হোসেন বিড়ালের উপদ্রব কমাতে দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতে খাবারের সন্ধানে আসা একটি স্ত্রী বিড়াল সেই ফাঁদে আটকা পড়ে এবং পরদিন সকালে দোকানি বিড়ালটির গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে হত্যা করেন। দোকানের বারান্দায় মৃত বিড়ালটি ফেলে রাখার সময় পাশে তার দুটি ছানাকে কান্নাকাটি করতে দেখে স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিড়ালছানা দুটির অসহায়ত্ব ও নিষ্ঠুর এই ঘটনা মেনে নিতে না পেরে মেহেদী হাসান উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সারোয়ার হোসেনকে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে তলব করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন কাওসার শেখ জানান, দোকানি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। মুচলেকায় আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সকল কুকুর ও বিড়ালকে খাবার খাওয়ানোর শর্ত দেওয়া হয়েছে, যার ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনা সম্পর্কে দোকানি সারোয়ার হোসেন বলেন, ‘আমি ইচ্ছা করে বিড়ালটি মারিনি। জীব হত্যা মহাপাপ এটা সবচেয়ে বড় কথা। আমার সামনে হলে তো আমি বিড়ালটিকে মরতে দিতাম না। আমি বিড়ালটিকে ধরার জন্য ফাঁদ পেতেছিলাম। ধরা পড়লে বিড়ালটি দূরে কোথাও রেখে আসতাম। কিন্তু সকালে দোকানে গিয়ে দেখি, বিড়ালটি মরে পড়ে আছে। এ জন্য আমি অনুতপ্ত।’