দিনাজপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে ‘সুকান্ত সমগ্র’ নিয়ে আলোচনা
কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম নিয়ে অনলাইন পাঠচক্রের আয়োজন করেছে দিনাজপুর বন্ধুসভা
দিনাজপুর জেলা প্রতিনিধি · দিনাজপুর
প্রকাশ:
কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম ‘সুকান্ত সমগ্র’ নিয়ে একটি ভার্চ্যুয়াল পাঠচক্রের আয়োজন করেছে দিনাজপুর বন্ধুসভা। গত ২৮ অক্টোবর রাত ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এই পাঠচক্রটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শবনম মুস্তারিনের সঞ্চালনায় আয়োজনের শুরুতে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
আলোচনা পর্ব শেষে বন্ধুরা ধারাবাহিকভাবে সুকান্ত ভট্টাচার্যের বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। একপর্যায়ে পাঠচক্রটি প্রাণবন্ত কবিতা পাঠের আসরে রূপ নেয়। বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান এই কবির মাত্র ২১ বছরের স্বল্প জীবনে রেখে যাওয়া অসামান্য অবদানের কথা স্মরণ করা হয় আয়োজনে। তাঁর লেখায় ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বৈষম্য ও মানবমুক্তির আকাঙ্ক্ষা এবং সাম্যভিত্তিক পৃথিবীর স্বপ্ন ফুটে উঠেছে। ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’ ও ‘পূর্বাভাস’ কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হিসেবে আলোচনায় উঠে আসে।
অনলাইন প্ল্যাটফর্মের গুরুত্ব নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় বলেন, ‘দিনের অধিকাংশ সময়ই বন্ধুদের নানা ব্যস্ততায় কাটে। ফলে স্বল্প সময়ের মধ্যে সরাসরি পাঠচক্র আয়োজন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। অনলাইনমাধ্যম আমাদের জন্য একটি সহজ ও কার্যকর উপায়। যে যার অবস্থান থেকে খুব সহজেই একত্র হতে পারি। এভাবেই অনলাইনকে সাহিত্যচর্চা ও প্রাণবন্ত আড্ডার আসরে পরিণত করা সম্ভব।’
ভার্চ্যুয়াল এ পাঠচক্রে আরও অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন নেওয়াজ, প্রচার সম্পাদক বিরোশ রায় এবং বন্ধু জুঁই আফরোজ, তাসনিম পৌষী, সজীব রায়, শামীম আহমেদ, আতিক ইসলাম, দেব রায় ও হারুন রশিদসহ অন্যান্য সদস্যরা।