বরগুনায় চিফ হুইপ: তারেক রহমান ‘আরেক জিয়া’
জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কৃষকের ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও দুর্গাপূজায় পাঁচ কোটি টাকার কথা জানালেন নূরুল ইসলাম মনি
নিজস্ব প্রতিবেদক · বরগুনা
প্রকাশ:
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা টেনেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান, স্বাভাবিক জীবনযাপন করেন এবং একজন মানুষের কী কষ্ট, তা বোঝার চেষ্টা করেন। চিফ হুইপের ভাষ্য, ‘উনি তারেক জিয়া না উনি আরেক জিয়া।’
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বরগুনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চিফ হুইপ এসব কথা বলেন।
তারেক রহমানের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে নূরুল ইসলাম মণি বলেন, শেখ হাসিনা একসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে খুনি বলে বক্তব্য দিতেন। অথচ তারেক রহমান প্রতিশোধের বদলে দেশ গঠনে গুরুত্ব দিয়েছেন। তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি জানান, দেশের মানুষের জন্য অনেক কাজ বাকি রয়েছে, তাই এখন প্রতিশোধ নেওয়ার সময় নয়।
চিফ হুইপ বলেন, তারেক রহমান কর্মঠ ও মানবদরদি মানুষ, তিনি রাত জেগে কাজ করেন। সরকারের প্রথম সিদ্ধান্ত হিসেবে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কৃষকদের জন্য বড় উপকার বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা বলতে গিয়ে নূরুল ইসলাম মণি জানান, দল-মত নির্বিশেষে ৫০ লাখ দরিদ্র ও অসহায় নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তাঁরা মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবেন। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল, বিনা মূল্যে বই বিতরণ এবং ইংরেজি দক্ষতা বাড়াতে বিশেষ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার পরিকল্পনাও রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও ক্ষমতায়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সরকার এমএ পর্যন্ত পড়াশোনার ব্যয় বহনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, মায়েরা শিক্ষিত হলে ভবিষ্যৎ প্রজন্মও শিক্ষিত হয়ে উঠবে।
জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর তাঁর নেতৃত্বে তিন বছরের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। কৃষি উন্নয়নে খাল খনন, তৈরি পোশাকশিল্পের বিকাশ এবং হাঁস-মুরগি পালনের মতো উদ্যোগে জিয়াউর রহমানের ভূমিকা ছিল।
শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে নূরুল ইসলাম মণি বলেন, সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিকের অধিকার সমান এবং হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে। তিনি জানান, দুর্গাপূজার আয়োজনের জন্য হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে চার কোটি টাকা চাওয়া হলেও তারেক রহমান এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা দিয়েছেন। এবার দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।