সন্তান হারানোর কষ্ট নিয়ে মুখ খুললেন বক্সার টাইসন ফিউরি
নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্রে উঠে এল ব্রিটিশ বক্সার টাইসন ফিউরি ও তাঁর স্ত্রী প্যারিসের ব্যক্তিগত শোকের গল্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মানুষের জীবনে এমন কিছু কষ্ট থাকে, যার কোনো ভাষা হয় না। বুকের গহিনে অন্ধকার কোনো ঘরে মানুষ অনেক স্মৃতি তালাবদ্ধ করে রাখে, যা বাইরে থেকে বোঝার উপায় নেই। টাইসন ফিউরির জীবনেও এমন একটি ঘর ছিল, যেখানে তিনি বছরের পর বছর কাউকে ঢুকতে দেননি। এবার ব্রিটিশ বক্সার তাঁর স্ত্রী প্যারিসকে নিয়ে সেই দরজা খুলে দিয়েছেন।
বিজ্ঞাপন
নেটফ্লিক্সের নতুন প্রামাণ্যচিত্র ‘টাইসন ফিউরি’তে তাঁদের জীবনের এক বেদনাবিধুর অধ্যায় উঠে এসেছে। প্রামাণ্যচিত্রটিতে কথা বলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি প্যারিস। ফিউরি জানিয়েছেন, হাসপাতাল থেকে মৃত সন্তানকে বাড়িতে নিয়ে আসার জন্য তাঁকে কীভাবে অনুরোধ করতে হয়েছিল এবং কীভাবে নিজের হাতে বাবার বাড়ির বাগানে সন্তানকে সমাহিত করেছিলেন।
ঘটনাটি ২০১৪ সালের। প্যারিস তখন তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন। কিছু টেস্ট করাতে দিয়েছিলেন হাসপাতালে। একদিন বাড়িতে থাকা অবস্থায় চিকিৎসকদের ফোন পেলেন তিনি। ফোনের ওপাশ থেকে জানানো হলো, তাঁর গর্ভের সন্তান আর বেঁচে নেই এবং তাঁকে সন্তান প্রসব করতে হবে, নতুবা তিনিও ঝুঁকিতে পড়বেন। প্যারিসের ভাষায়, ‘আমি তখন বাড়িতে ছিলাম। চিকিৎসকেরা ফোন করে জানালেন, শিশুটি মারা গেছে এবং আমাকে সন্তান প্রসব করতে হবে।’
খবরটি পাওয়ার পর প্যারিস তাঁর স্বামীকে বিষয়টি জানাননি। কারণ, টাইসন ফিউরির চাচা হিউই তখন হাসপাতালে গুরুতর অসুস্থ ছিলেন। পরিবারের সবাই এমনিতেই দুশ্চিন্তার মধ্যে থাকায় তিনি স্বামীর ওপর বাড়তি চাপ দিতে চাননি। প্যারিস বলেন, ‘আমি বিষয়টি গোপন রেখেছিলাম। কারণ, টাইসনের চাচা তখন হাসপাতালে ছিলেন। আমি তাঁর ওপর আর চাপ বাড়াতে চাইনি। কিন্তু এমন পরিস্থিতি হলো, যখন আর কোনো কারণ দেখিয়ে বিষয়টি গোপন রাখা সম্ভব ছিল না।’
হাসপাতালে যাওয়ার পর সন্তান প্রসব করতে হলো প্যারিসকে। এবার ফিউরিকে সবকিছু জানালেন তিনি। দুজনে সিদ্ধান্ত নিলেন, মৃত সন্তানকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাবেন। সেই সিদ্ধান্তের কথা স্মরণ করে ফিউরি বলেন, ‘আমার সব মনে আছে। ওই বয়সের শিশুকে সাধারণত হাসপাতাল থেকে বাড়িতে নিতে দেওয়া হয় না। আমি বলেছিলাম, না, ও আমার পরিবারের সদস্য। আমি ওকে নিয়ে যাব।’
বিজ্ঞাপন
এরপর ঘটে জীবনের অন্যতম বেদনাবিধুর মুহূর্ত। ফিউরির কাছে বহু বছর ধরে একটি দামি হাতঘড়ি ছিল, যা মেহগনি কাঠের তৈরি একটি বড় বাক্সে রাখা থাকত। সেই বাক্সেই তিনি মৃত সন্তানকে নিয়ে যান। ফিউরি জানান, ‘শিশুটি আক্ষরিক অর্থেই এতটুকু ছিল। আমি বাবার বাড়িতে নিয়ে গিয়ে বাগানে ওকে শুইয়ে দিয়েছিলাম। আমার ভাইয়েরাও ছিল সঙ্গে।’
কথাগুলো বলার সময় ফিউরির কণ্ঠে সেই দিনের স্মৃতি ফিরে আসে। হাসপাতাল থেকে বাড়ি, তারপর বাবার বাড়ির বাগান—সেখানে ছোট্ট একটি সমাধি। প্যারিসও সেই বাগানের কথা মনে করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। তাঁর কথায়, ‘সেই সপ্তাহের অনেক কিছুই আমার মনে নেই। শুধু মনে আছে, বাড়িতে ছিলাম। ছোট্ট বাগানটা দেখেছিলাম, যেখানে ওকে সমাহিত করা হয়েছিল। ব্যস, এটুকুই।’
ফিউরি পরিবারের দুঃখের গল্প তখনো শেষ হয়নি। সন্তান হারানোর শোকের মধ্যেই মৃত্যুর সঙ্গে লড়ছিলেন ফিউরির বক্সিং ক্যারিয়ারের বিশেষ মানুষ চাচা হিউই। বড় লড়াইয়ের আগে ফিউরি তাঁর কাছেই ছুটে যেতেন পরামর্শের জন্য। হাসপাতালে হিউইকে দেখার স্মৃতি মনে করে ফিউরি বলেন, ‘কোনো কোনো দিন মনে হতো, তিনি ঠিকই হাসপাতাল থেকে বের হয়ে আসবেন। হাত নাড়তেন, চোখ নাড়তেন, পলক ফেলতেন। মনে হতো, তিনি সুস্থ হয়ে উঠবেন।’
শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা লাইফ সাপোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ফিউরির জন্য সেটি ছিল আরেকটি বড় ধাক্কা। তিনি বলেন, ‘হিউইর কাছে আমি চট করে চলে যেতে পারতাম। তাঁকে জিজ্ঞেস করতে পারতাম, এই লড়াইয়ে আমার কী করা উচিত। লড়াইয়ের আগে এত পরিশ্রম, এত প্রস্তুতি। অথচ তিনি এর সেরা মুহূর্তগুলো দেখতে পেলেন না।’
বিজ্ঞাপন
একদিকে চাচার অসুস্থতা, অন্যদিকে নিজের সন্তান হারানোর শোক—এর মধ্যেই সামনে অপেক্ষা করছিল ফিউরির ক্যারিয়ারের সবচেয়ে বড় লড়াই। ২০১৫ সালের নভেম্বরে জার্মানির ডুসেলডর্ফে তাঁকে মুখোমুখি হতে হয় দীর্ঘদিনের হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিৎসকোর। ফিউরি বুঝতে পারছিলেন, সবাইকে তাঁর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তাই নিজের কষ্ট আড়াল করে রাখলেন। ফিউরি বলেন, ‘আমাকেই শক্ত থাকতে হতো। আমাকেই এমন ভাব করতে হতো যেন সবকিছু ঠিক আছে। এটাই ছিল আমার দায়িত্ব। পরিবারকে রক্ষা করা, তাদের ভরণপোষণের ব্যবস্থা করা। পুরুষের কাজ এটাই।’
তবে শক্ত থাকার অভিনয়ের আড়ালে তিনি কতটা ভেঙে পড়েছিলেন, তা বোঝা যায় তাঁর পরের কথায়। ফিউরি বলেন, ‘এত কিছু ঘটছিল, এত কষ্ট হচ্ছিল। আমি সবকিছু মনের পেছনে ঠেলে দিচ্ছিলাম। বারবার। কারও সঙ্গে কথা বলছিলাম না। মনের সবচেয়ে অন্ধকার জায়গায় সবকিছু রেখে তালা মেরে দিয়েছিলাম। সব ভয়ংকর স্মৃতি। কারণ, তখন আমি ক্লিৎসকোর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলাম।’
প্যারিসও স্বীকার করেছেন যে, তাঁরা কেউই সেই শোক কাটিয়ে উঠতে পারেননি, এমনকি একে অপরের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলতে পারেননি। প্যারিস বলেন, ‘আমরা আসলে কী ঘটেছিল, তা নিয়ে কথা বলিনি। আমি বলতে পারতাম না। আমার আর শিশুটির সঙ্গে কী ঘটেছিল, সেটাও বলতে পারতাম না। এখনো এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। আমরা দুজনই ভেঙে পড়েছিলাম। যে যন্ত্রণা অনুভব করেন, তা একসময় চলে যাবে, এমনটা কল্পনাও করতে পারবেন না।’
এরপর এল ক্লিৎসকোর সঙ্গে সেই লড়াই। ২০১৫ সালের নভেম্বরে জার্মানিতে আন্ডারডগ হিসেবে রিংয়ে নেমে সবাইকে চমকে দেন ফিউরি। বক্সিং বিশ্বকে স্তম্ভিত করে পয়েন্টসে হারান ইউক্রেনের ক্লিৎসকোকে। ভেঙে দেন তাঁর ১১ বছরের অপরাজিত রাজত্ব এবং জিতে নেন ডব্লিউবিএ, আইবিএফ ও ডব্লিউবিও হেভিওয়েট শিরোপা।