যেসব ভুলে ফরজ গোসল অসম্পূর্ণ থেকে যায়
পবিত্রতা অর্জনে ফরজ গোসলের সঠিক নিয়ম ও সতর্কতা জানিয়েছেন মুফতি শাব্বির আহমদ
ধর্ম ডেস্ক · ঢাকা
প্রকাশ:
একজন মুমিনের ইবাদত কবুল হওয়ার প্রাথমিক শর্ত হলো পবিত্রতা। ফরজ গোসলের সঠিক নিয়ম না জানলে নামাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত আদায় হবে না। ইসলামবিষয়ক গবেষক মুফতি শাব্বির আহমদ জানান, গোসলের সময় তিনটি কাজের কোনো একটি বাদ পড়লে গোসল শুদ্ধ হয় না এবং ব্যক্তি অপবিত্রই থেকে যান।
বিজ্ঞাপন
রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ পদ্ধতি অনুযায়ী গোসল করা সবচেয়ে উত্তম। এই পদ্ধতিতে প্রথমে দুই হাত ধুয়ে নিতে হবে এবং প্রয়োজনে প্রস্রাব করতে হবে যাতে অপবিত্রতা পুরোপুরি বের হয়ে যায়। এরপর গোপন অঙ্গ ভালোভাবে পরিষ্কার করে নামাজের অজুর মতো পূর্ণাঙ্গ অজু করতে হবে। তবে গোসলের স্থানে পানি জমে থাকলে সবার শেষে পা ধোয়ার কাজটি করা যেতে পারে।
পরবর্তী ধাপে মাথায় তিনবার পানি ঢালতে হবে। এরপর শরীরের ডান অংশে এবং পরে বাঁ অংশে পানি ঢেলে পুরো শরীর ভালোভাবে ধৌত করতে হবে। শরীরের একচুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে, তবে ফরজ গোসল হবে না। তাই তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে পবিত্রতা অর্জন করা জরুরি।