গেজেট জটিলতায় আটকে বিসিএসের চূড়ান্ত ফলাফল ও নিয়োগ
পূর্ববর্তী বিসিএসের গেজেট প্রকাশ ও যোগদান সম্পন্ন না হওয়ায় পরবর্তী বিসিএসের ফল প্রকাশে বিলম্ব হচ্ছে
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বছরের মধ্যে বিসিএসের বিজ্ঞপ্তি থেকে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করলেও তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন এবং চূড়ান্ত গেজেট প্রকাশের দীর্ঘসূত্রতার কারণে এক বিসিএসের ফলাফল ও নিয়োগপ্রক্রিয়া অন্য বিসিএসকে প্রভাবিত করছে। চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও গেজেট ও চাকরিতে যোগদানের জন্য প্রার্থীদের প্রায় এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
বিজ্ঞাপন
৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ২৬ নভেম্বরের মধ্যে প্রকাশের কথা থাকলেও ৪৬তম বিসিএসের গেজেট ও প্রার্থীদের যোগদান প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তা আটকে আছে। পিএসসি জানিয়েছে, ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতে তারা এই ফল প্রকাশ করতে পারছে না। ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ১ হাজার ৪৫৭ জনকে সুপারিশ করা হলেও নয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও গেজেট প্রকাশ হয়নি। এছাড়া ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএসের ১ হাজার ৫২১ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর ভেরিফিকেশন ও গেজেট কার্যক্রমও পাঁচ মাস ধরে ঝুলে আছে। ৪৫তম বিসিএসের ক্ষেত্রেও চূড়ান্ত ফল প্রকাশের পর গেজেট ও যোগদান সম্পন্ন হতে প্রায় ১১ মাস সময় লেগেছিল এবং পুরো নিয়োগপ্রক্রিয়া শেষ হতে প্রায় চার বছর সময় ব্যয় হয়।
দীর্ঘসূত্রতার ফলে চাকরিপ্রার্থীরা মানসিক চাপে ভুগছেন, কারণ আগের বিসিএসে সুপারিশপ্রাপ্তরা যোগ দিতে না পারায় পরের বিসিএসেও অংশ নিচ্ছেন। এতে প্রতিটি বিসিএসে ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থেকে যাচ্ছে, যেমন ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি পদের মধ্যে প্রায় ৪০০ জনই ছিলেন রিপিট ক্যাডার। সাধারণ চাকরিপ্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের সময়সীমা দুই মাসের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছেন। এছাড়া বিজ্ঞপ্তি থেকে শুরু করে পুরো নিয়োগপ্রক্রিয়া ১৪ মাসের মধ্যে শেষ করার দাবিও তুলেছেন তারা।
নিয়োগবঞ্চিত প্রার্থীদের রি-ভেরিফিকেশন কার্যক্রমেও ধীরগতি লক্ষ্য করা গেছে। ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া ১০৫ জনের মধ্যে ৫৬ জন প্রশাসনিক ও ভেরিফিকেশন জটিলতায় বাদ পড়েন, যাদের রি-ভেরিফিকেশন চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করার আশ্বাস দিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। তবে এখন পর্যন্ত মাত্র ২৩ জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি ৪৮তম বিসিএসের নিয়োগবঞ্চিত ২৭ জনের রি-ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হলেও দ্রুত সম্পূরক গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের অগ্রগতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ-জোহরা জানান, গেজেট প্রকাশের কাজ চলমান থাকলেও নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকনুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।