ভ্রমণের নতুন ট্রেন্ড হবি হাবস: গন্তব্যের চেয়ে শখকেই গুরুত্ব
২০২৭ সাল নাগাদ ৬৮ শতাংশ ভ্রমণকারী শখকেন্দ্রিক ভ্রমণের পরিকল্পনা করছেন বলে ভার্বোর প্রতিবেদনে উঠে এসেছে
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
পাহাড়ে বসে ছবি আঁকা, সমুদ্রের ধারে বই পড়া কিংবা রাতের আকাশে তারা গোনা—পর্যটনের চেনা সংজ্ঞা বদলে এখন জনপ্রিয় হচ্ছে শখকেন্দ্রিক ভ্রমণ বা ‘হবি হাবস’। ভ্রমণে গিয়ে কোথায় থাকবেন বা কী দেখবেন তার চেয়েও অনেকে এখন গুরুত্ব দিচ্ছেন সেখানে গিয়ে নিজের ভালো লাগার কাজটি কতটা উপভোগ করা যাবে, তার ওপর। বন্ধুদের মধ্যে কারও পছন্দ ফটোগ্রাফি, কেউ বা বাগান করা কিংবা বুননের মতো কাজে আনন্দ খুঁজে পান। এই ধরনের শখকে কেন্দ্র করেই গড়ে উঠছে ভ্রমণের নতুন প্রবণতা, যা পরিচিতি পেয়েছে ‘হবি হাবস’ নামে।
বিজ্ঞাপন
ভার্বোর বার্ষিক ভ্রমণ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে ৬৮ শতাংশ ভ্রমণকারী শখকে কেন্দ্র করে ভ্রমণের পরিকল্পনা করছেন। জেন জি ও মিলেনিয়াল প্রজন্মের মধ্যে এই আগ্রহের হার ৭৯ শতাংশ এবং ৩৮ শতাংশ ভ্রমণকারী জানিয়েছেন, পাঁচ বছর আগের তুলনায় এখন ভ্রমণের পরিকল্পনায় তাঁদের ব্যক্তিগত শখ বেশি গুরুত্ব পাচ্ছে। দৈনন্দিন ব্যস্ততায় নিজের পছন্দের কাজগুলোর জন্য সময় বের করা কঠিন হওয়ায় ছুটির সময় সেই কাজগুলোতেই ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়। প্রতিবেদন অনুযায়ী, ৪১ শতাংশ ভ্রমণকারী নতুন পরিবেশে নিজের শখ উপভোগ করতে চান, একই সংখ্যক মানুষ সমমনা মানুষের সঙ্গে সময় কাটাতে আগ্রহী এবং ৩৪ শতাংশের কাছে দৈনন্দিন ব্যস্ততা থেকে দূরে নিজের মতো সময় কাটানোই ভ্রমণের বড় আকর্ষণ।
২০২৫ সালে সেলাই, বুনন, উল দিয়ে কাজ কিংবা কাগজের কারুকাজের মতো পুরোনো দিনের কাজের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বেড়েছে। একসময় যেসব কাজকে অনেকে দাদির আমলের শখ বলে পাশ কাটিয়ে যেতেন, সেগুলোই এখন আনন্দের উৎস হয়ে উঠেছে। ভার্বোর তালিকায় এমন কিছু থাকার জায়গা রয়েছে, যেগুলো নির্দিষ্ট শখের সঙ্গে মানানসই করে সাজানো। যেমন যুক্তরাষ্ট্রের পাম স্প্রিংসে অ্যান্টিক সংগ্রহের আবহে তৈরি ভিলা কিংবা কানাডার প্রিন্স এডওয়ার্ড দ্বীপে কারুশিল্পচর্চার উপযোগী কটেজ। এক্সপিডিয়া গ্রুপের বৈষয়িক জনসংযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেলানি ফিশের ভাষ্য অনুযায়ী, “ভ্রমণকারীরা এখন শুধু থাকার জায়গা খুঁজছেন না; তাঁরা এমন একটি উপলক্ষও খুঁজছেন, যেখানে প্রিয়জনদের সঙ্গে একত্র হওয়া যায় এবং নিজেদের পছন্দের কাজ ভাগ করে নেওয়া যায়।”
শখকে ঘিরে দলবদ্ধ ভ্রমণ অবশ্য একেবারে নতুন নয়, কারণ গলফ খেলার দল, সেলাইয়ের গ্রুপ কিংবা দৌড়ানোর ক্লাবগুলো দীর্ঘদিন ধরেই নিজেদের আগ্রহকে কেন্দ্র করে ভ্রমণ করছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান রান ওয়াইল্ড রিট্রিটস প্রতিবছর প্রায় ২৫টি দলীয় দৌড় ও হাইকিং ভ্রমণের আয়োজন করে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ রিট্রিট লিডার লিজ আর্নল্ডের মতে, “একই শখের মানুষ একসঙ্গে সময় কাটালে তাঁদের মধ্যে দ্রুত একটি বোঝাপড়া তৈরি হয়।” তিনি আরও জানান, পথ চলতে চলতে গল্প, ক্লান্তির মুহূর্তে একে অন্যকে উৎসাহ দেওয়া কিংবা দিনের শেষে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই সম্পর্ক গভীর হয়।
এই ধরণের ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে প্রথমেই হোটেল বা গন্তব্য ঠিক না করে সবাই মিলে কী করতে ভালোবাসেন, তা ভাবা জরুরি। হাঁটা বা দৌড়ানোর পরিকল্পনা থাকলে কাছাকাছি হাঁটার পথ আছে কি না তা দেখা এবং রান্না, সেলাই কিংবা বোর্ড গেমের মতো আয়োজনের ক্ষেত্রে খোলামেলা বসার জায়গা বা বড় খাবার টেবিল আছে এমন ব্যবস্থা বেছে নেওয়া প্রয়োজন। তবে একই শখ থাকলেও সবার দক্ষতা বা আগ্রহের মাত্রা সমান না-ও হতে পারে, তাই ভ্রমণের পরিকল্পনায় সবার জন্য নিজের মতো সময় রাখাও জরুরি। প্রয়োজনীয় সরঞ্জাম কে নিয়ে আসবেন বা কোন কাজের দায়িত্ব কার, তা আগেই ঠিক করে নিলে শেষ মুহূর্তের ঝামেলা কমে।
বিজ্ঞাপন
ফোরা ট্রাভেল অ্যাডভাইজার এবং এলিভেট হসপিটালিটি কালেক্টিভের প্রতিষ্ঠাতা এমিলি জনসনের মতে, ভ্রমণের পুরো সময় একটি নির্দিষ্ট শখের পেছনে ব্যয় করার পরিকল্পনা না করাই ভালো। এমন জায়গা বেছে নেওয়া উচিত যেখানে শখের বাইরেও সবার উপভোগ করার মতো কিছু আছে। কারণ ভ্রমণের আনন্দ শুধু কতটা দৌড়ালেন, কতগুলো ছবি তুললেন কিংবা কত সারি বুনন শেষ করলেন তার হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়। সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় কাজের ফাঁকে গল্প করতে করতে, নতুন বন্ধুর সঙ্গে পরিচয়ে অথবা বহুদিন পর নিজের পছন্দের কাজে মন দেওয়ার সুযোগে তৈরি হয়।