বডি লোশন ব্যবহারের সঠিক সময় ও নিয়ম
ভেজা ত্বকে লোশন মাখলে তা আর্দ্রতা ধরে রাখতে কার্যকর ভূমিকা রাখে
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বডি লোশন বা ক্রিম ব্যবহারের কোনো বিকল্প নেই। তবে অনেকের মধ্যেই লোশন ব্যবহারের সঠিক সময় ও মাত্রা নিয়ে বিভ্রান্তি রয়েছে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ত্বকের ধরন, আবহাওয়া এবং গোসলের অভ্যাসের ওপর ভিত্তি করেই লোশন ব্যবহারের মাত্রা নির্ধারণ করা উচিত।
বিজ্ঞাপন
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের দ্বৈত বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ব্রেন্ডান ক্যাম্প ‘আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি’ নির্দেশিকা অনুসারে জানান, সাধারণভাবে প্রতিদিন গোসলের পরপরই ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় বডি লোশন লাগানো সবচেয়ে ভালো। ভেজা ত্বকে লোশন লাগালে তা আর্দ্রতাকে ত্বকের ভেতরে আটকে রাখে এবং সাবান বা শেভিংয়ের ফলে নষ্ট হওয়া ত্বকের সুরক্ষা স্তর পুনরুদ্ধার করতে সহায়তা করে।
কিছু বিশেষ পরিস্থিতিতে দিনে একবারের বদলে দুইবার বা তার বেশি লোশন বা ঘন ক্রিম ব্যবহার করা জরুরি। যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক কিংবা একজিমা ও সোরিয়াসিসের মতো চর্মরোগ রয়েছে, তাদের নিয়মিত যত্নের প্রয়োজন হয়। এছাড়া শীতল ও শুষ্ক আবহাওয়ায় বসবাস করলে, অতিরিক্ত গরম পানিতে গোসল করলে, দীর্ঘক্ষণ রোদের সংস্পর্শে থাকলে কিংবা সাঁতার কাটার পর গোসল করলে ঘন ঘন লোশন মাখা প্রয়োজন। তবে ১১ বছর বা তার কম বয়সী শিশুদের ত্বকে একজিমা বা অতিরিক্ত শুষ্কতা না থাকলে প্রতিবার গোসলের পর লোশন ব্যবহারের প্রয়োজন নেই।
বডি লোশন ও ক্রিমের মধ্যে পার্থক্য রয়েছে। সাধারণত পানি-ভিত্তিক লোশন হালকা হয়, যাতে গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড, পেট্রোলিয়াম জেলি, মিনারেল অয়েল, শিয়া বাটার ও সেরামাইড থাকে। অন্যদিকে, তেল-ভিত্তিক বডি ক্রিম তুলনামূলক ঘন হয়, যা অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য কার্যকর। ত্বকের ধরন অনুযায়ী লোশন নির্বাচনের ক্ষেত্রে শুষ্ক ত্বকে সেরামাইড, শিয়া বাটার ও পেট্রোলিয়াম জেলিযুক্ত ঘন ক্রিম এবং তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকে তেলমুক্ত হালকা ‘নন-কমেডোজেনিন’ লোশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মিশ্র ত্বকের জন্য গ্লিসারিন ও ডাইমেথিকোনযুক্ত এবং সংবেদনশীল ত্বকের জন্য সুগন্ধিহীন হাইপোঅ্যালার্জেনিক লোশন নিরাপদ।
ত্বকে আর্দ্রতার ঘাটতি বোঝার উপায় সম্পর্কে ডা. ব্রেন্ডান ক্যাম্প বলেন, “ত্বক খসখসে হয়ে গেলে, টানটান অনুভূত হলে, চুলকানি শুরু হলে, সূক্ষ্ম রেখা দেখা দিলে বা চামড়া ফেটে আঁশের মতো উঠতে থাকলে বুঝতে হবে ত্বকে আর্দ্রতার ঘাটতি রয়েছে।” লোশন ব্যবহারের পরও ত্বকে জ্বালাপোড়া বা লালচেভাব দেখা দিলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।