খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ
নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে হাজির করা হবে তাকে
নিজস্ব প্রতিবেদক · খুলনা
প্রকাশ:
গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী শেখকে খুলনায় মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রোববার বেলা ১টার দিকে খুলনা মহানগরীর কেসিসি মার্কেটের সামনে স্থানীয় একদল লোক তাঁকে ঘিরে ধরেন এবং মারধর করেন। এরপর তাঁকে খুলনা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কেসিসি মার্কেট এলাকায় চা খেতে গেলে স্থানীয় লোকজন ও বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ফেলেন। বেলা দেড়টার দিকে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, আবেদ আলী নাশকতার পরিকল্পনা করছিলেন এবং তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। মারধরের বিষয়ে ওসি বলেন, তেমন গুরুতর কিছু হয়নি। সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) ২০২৫ সালের ২৬ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি হলেন শেখ আবেদ আলী। ওই বিজ্ঞপ্তিতে তাঁকে শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ডিবি জানায়, তাদের ঝটিকা মিছিলবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৬ জনের তালিকার ৯ নম্বরে শেখ আবেদ আলীর নাম ছিল।