নাশকতা ও অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের
অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেন মোসলেহ্ উদ্দিন আহমদ
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
রোববার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। সভায় তিনি নাশকতামূলক কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
ডিএমপি কমিশনার তার বক্তব্যে বলেন, "থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে জন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।" তিনি পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন কমিশনার। এছাড়া অপরাধ নিয়ন্ত্রণে ও জননিরাপত্তা বিধানে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, আবদুল কুদ্দুস চৌধুরী ও মোহাম্মদ ওসমান গণি উপস্থিত ছিলেন। এছাড়াও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।