মাদারীপুরে বর্ণিল আয়োজনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদারীপুর বন্ধুসভা দিবসটি পালন করেছে
মাদারীপুর জেলা প্রতিনিধি · মাদারীপুর
প্রকাশ:
উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে ১৯ নভেম্বর সন্ধ্যায় ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। জেলার সমন্বিত সরকারি অফিস ভবনের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে মাদারীপুর বন্ধুসভা। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যেখানে বন্ধুসভার সদস্য ও স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। বৈরী আবহাওয়া সত্ত্বেও শিক্ষক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর বন্ধুসভার সভাপতি আঞ্জুমান জুলিয়া এবং স্বাগত বক্তব্য দেন মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও উপদেষ্টা অখিল সরকার, সার্জন মোহাম্মদ সোহেল-উজ্জামান রাসেল, টিআইবি মাদারীপুর কার্যালয়ের এরিয়া কো-অর্ডিনেটর মো. এনায়েতুল্লাহ, এজেন্ট ওমর আলী শিকদার, সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান এবং তরুণ উদ্যোক্তা আল শাহরিয়াত করিম।
দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা নিয়ে এজেন্ট ওমর আলী শিকদার বলেন, ‘প্রথম আলো আমাদের কাছে একটি আবেগের জায়গা। অনেক পত্রিকা এসেছে, আবার হারিয়েও গেছে। কিন্তু প্রথম আলো প্রথম স্থানেই থেকে গেছে। প্রথম আলো কখনো মিথ্যার আশ্রয় নেয় না। কোনো লেখায় ভুল হলে পরদিন সংশোধনী দিয়ে ক্ষমা চায়।’ তিনি তরুণদের নিয়মিত পত্রিকা পড়ার আহ্বান জানান।
মো. এনায়েতুল্লাহ বলেন, ‘বর্তমান সময়ে মানুষের কথা তুলে ধরা, প্রযুক্তিগত তথ্যের প্রচার ও সাংস্কৃতিক বিকাশসহ নানা ক্ষেত্রে প্রথম আলো সবার থেকে আলাদা। পত্রিকাটির সঙ্গে অকৃত্রিম ভালোবাসা নিয়ে আমরা আছি। সত্য প্রচারে যুগ যুগ ধরে এভাবেই এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।’
চিকিৎসক মোহাম্মদ সোহেল-উজ্জামান রাসেল বলেন, ‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। প্রথম আলোর ২৮ বছরের পথচলা আরও সমৃদ্ধ হোক। সত্য, সাহস ও মানুষের পক্ষে কথা বলার প্রত্যয়ে এগিয়ে যাক। ছোটবেলা থেকে একটা কথা আমি বিশ্বাস করি, সেটা হলো যেতে হবে বহুদূর। প্রথম আলো আরও বহুদূর এগিয়ে যাক, এই কামনাই করি।’
বিজ্ঞাপন
চিকিৎসক অখিল সরকার পত্রিকাটির ‘স্যরি’ ক্যাম্পেইনের প্রশংসা করে বলেন, ‘অটল ২৮ বছরের পথচলায় প্রথম আলো প্রতিবছর একটি চমকপ্রদ শব্দ বা স্লোগান নিয়ে হাজির হয়। এবার যেমন “স্যরি”। বিশেষ প্রচারণাটির প্রতিটি কথা কয়েক দফা পড়েছি। এর ভেতরে অনেক গভীর কথা লুকিয়ে থাকে। প্রথম আলো তার এই ব্যতিক্রমী ধারা ধরে রাখুক, এটাই আমাদের প্রত্যাশা।’