মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে
পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে মাদারীপুর সদর উপজেলার ২৬ নম্বর পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়েছে
মাদারীপুর জেলা প্রতিনিধি · মাদারীপুর
প্রকাশ:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরে ২০০ জন শিক্ষার্থীর হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর সকালে সদর উপজেলার ২৬ নম্বর পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে বন্ধুসভা। একই সঙ্গে বিদ্যালয়ের আঙিনায় বন্ধুসভার সদস্যদের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গাছ লাগানোর বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বাঁচিয়ে রাখাও জরুরি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এই কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝুমা দাশ। এ সময় মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল রানা, উপদেষ্টা ও প্রতিনিধি অজয় কুন্ডু, সভাপতি আঞ্জুমান জুলিয়া, সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আন্না আক্তার ও দপ্তর সম্পাদক সোহাগ হাসান উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা পুরো আয়োজনে অংশ নেন।