ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপসহ হাজির হন ৫০ বছর বয়সী আবদুল কাদের
টাঙ্গাইল জেলা প্রতিনিধি · টাঙ্গাইল
প্রকাশ:
টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার রাতে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সাপ কামড়ানোর পর সেই সাপটি জীবন্ত ধরে হাসপাতালে নিয়ে এসেছেন আবদুল কাদের নামের ৫০ বছর বয়সী এক ব্যক্তি। চিকিৎসকেরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়, তবে সতর্কতার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
বিজ্ঞাপন
ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের বাসিন্দা আবদুল কাদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আঙ্গারগাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁকে সাপটি ছোবল দেয়। তিনি মুঠোফোনের আলো জ্বালিয়ে সাপটিকে খুঁজে বের করেন এবং স্থানীয়দের সহায়তায় একটি প্লাস্টিকের বস্তায় ভরে ফেলেন। আঙ্গারগাড়া এলাকাটি সখীপুরের কাছাকাছি হওয়ায় তিনি দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আবদুল কাদের জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে পৌঁছান। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সাপ দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরবর্তীতে রোগীর স্বজনেরা একজন সাপুড়ে ডেকে আনলে তিনি এসে সাপটি নিয়ে যান।
চিকিৎসক সেলিম কবির বলেন, ‘লোকটির সাহস দেখে অবাক হয়েছি। তিনি জ্যান্ত সাপ ধরে হাসপাতালে নিয়ে এসেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, সাপটি বিষধর নয়। তাই তাঁর শরীরে অ্যান্টিভেনম দেওয়ার প্রয়োজন হয়নি। তবে পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউকে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতালে আসা উচিত। সাপ ধরতে যাওয়া আরও বিপজ্জনক। এতে হিতে বিপরীত হতে পারে।’